আদ্দিস আবাবা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় প্রত্যন্ত আফার এলাকায় মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে ৫ জন বিদেশি পর্যটক নিহত হয়েছে। ইথিওপিয়া সরকার বুধবার এ খবর জানিয়েছে।
নিহতদের দুইজন জার্মান, দুইজন হাঙ্গেরিয়ান ও একজন অস্ট্রেলীয় রয়েছে বলে জানিয়েছেন তারা।
সরকারের মুখপাত্র বেরেকেত সিমন জানান, এ হামলায় একজন হাঙ্গেরিয়ান ও একজন ইতালিয়ান আহত হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় দুইজন জার্মান ও দুইজন ইথিওপীয়ও অপহৃত হয়েছে যাদের মধ্যে একজন গাড়ির চালক ও একজন পুলিশ।
সিমন আরো জানান, হামলার স্থানটি অপরাধপ্রবণ এবং সেখানে বিছিন্নতাবাদী বিদ্রোহীদের কার্যক্রম রয়েছে।
ঘটনার পরপরই হামলার দায় প্রতিবেশী ইরিত্রিয়ার ওপর চাপিয়েছে ইথিওপিয়া। তারা বলেছে, হামলাকারী বন্ধুকধারীদের ইরিত্রিয়া প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে।
আফ্রিকান ইউনিয়নে ইরিত্রিয়ার প্রতিনিধি জিরমা আসমেরন সঙ্গে সঙ্গে ইথিওপিয়ার অভিযোগ প্রত্যাখান করে রয়টার্সকে বলেছেন, “এটি দুঃখজনক, পুরোপুরি মিথ্যা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০১ঘ.
bdnews24