মস্কো, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরানে পশ্চিমা হামলা ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
ইরানে হামলা বিপর্যয় ডেকে আনতে পারে। আর তেহরানের ওপর নিষেধাজ্ঞা গণ অসন্তোষ উস্কে দেওয়ার পাশাপাশি অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে বলে রাশিয়া বুধবার সতর্ক করেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং হামলা চালানো নিয়ে কর্থাবার্তার কারণে দেশটিকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার জন্য আলোচনা নতুন করে শুরু করা সম্ভব হচ্ছে না।
বার্ষিক সংবাদ সম্মেলনে এক বক্তব্যে ল্যাভরভ বলেন, ইরানে সামরিক শক্তি ব্যবহার কিংবা নিষেধাজ্ঞা আরোপের ইস্যু নয় বরং বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে তেহরানের মধ্যকার দীর্ঘ আলোচনা নতুন করে শুরু করার চেষ্টাকেই পশ্চিমা দেশগুলোর গুরুত্ব দেওয়া উচিত।
কারণ, হামলা কিংবা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা যে কেবল আগুনে ঘি ঢালাই হবে তাতে কোনো সন্দেহ নেই। যে আগুন ইতোমধ্যেই ধিকি ধিকি জ্বলছে, বলেন ল্যাভরভ।
ইসরায়েল প্রায়ই পরমাণূ কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখতে দেশটিতে হামলা চালানোর কথা বলে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি থেকে উত্তেজনা আরো বেড়েছে।
ইরানে তেল নিষেধাজ্ঞা আরোপ হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তেহরান।
ল্যাভরভ পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের বিরুদ্ধে আর কোনো জাতিসংঘ বা পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ না করার ওপরই জোর দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের ধারণা, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে।
তবে ইরান বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশেই পরমাণু কর্মসূচি চালানো হচ্ছে বলে দাবি করে আসছে।
রয়টার্সের আরেক খবরে বলা হয়েছে, তেহরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে ইরানের বৈঠক নতুন করে শুরু করা নিয়ে আলোচনা চলছে।
এ আলোচনা হতে পারে খুব সম্ভবত ইস্তাম্বুলে। তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে বুধবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪১ঘ.
bdnews24