ওয়াশিংটন, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেড়ার ওপর দিয়ে ছুঁড়ে দেওয়া একটি ধূম্রবোমার কারণে ঘণ্টা খানেকেরও বেশি সময় বন্ধ ছিলো হোয়াইট হাউস। বোমাটি হোয়াইট হাউসের নির্বাহী দপ্তর প্রাঙ্গণে এসে পড়ে। ওই সময় প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামা হোয়াইট হাউজের বাইরে ছিলেন।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রায় এক দেড়হাজার “অকুপাই ডিসি” আন্দোলনকারী হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভ করার সময় সেদিক থেকে বেড়ার ওপর দিয়ে বোমাটি ছুঁড়ে মারা হয় বলে জানান গোয়েন্দা বিভাগের মুখপাত্র জর্জ ওজিলভি।
হোয়াইট হাউজ বন্ধ করে দেওয়ার ঘণ্টাখানেক পরে গোয়েন্দা বিভাগ ‘সব ঠিক আছে’ বলে জানালে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
তবে এর আগেই আন্দোলনকারীরা এলাকাটি ছেড়ে চলে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান ওজিলভি।
মিশেল ওবামার জন্মদিন উপলক্ষ্যে বাইরে রাতের খাবার খেতে যাওয়ায় প্রেসিডেন্ট দম্পতি ঘটনার শুরুতে হোয়াইট হাউসে ছিলেন না। কিন্তু ঘটনাটি নিয়ে তদন্ত চলার সময় প্রেসিডেন্ট ওবামা এসে হাজির হন।
আইনপ্রণেতাদের অর্থলিপ্সার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘অকুপাই’ অন্দোলনকারীরা যুক্তরাষ্ট্র কংগ্রেসের ক্যাপিটল ভবন ঘেরাও করে প্রতিবাদ জানানো পর সেখান থেকে হোয়াইট হাউসের সামনে মিছিল নিয়ে আসে।
ক্যাপিটলে পুলিশকে লাঞ্ছিত করার দায়ে এক আন্দোলনকারীকে ও পুলিশের বেঁধে দেওয়া সীমা লঙ্ঘণের দায়ে অপর তিন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৯ ঘ.
bdnews24