২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুথার কিংকে স্মরণ করলো মার্কিনিরা

প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে মার্কিন নাগরিকরা সোমবার তাদের প্রিয় নেতা মার্টিন লুথার কিং-এর জন্মবার্ষিকী পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে মার্কিন নাগরিকরা সোমবার তাদের প্রিয় নেতা মার্টিন লুথার কিং-এর জন্মবার্ষিকী পালন করেছে। অন্যদিকে, ওয়াল স্ট্রিট দখল করো (অকুপাই ওয়াল স্ট্রিট) আন্দোলনকারীরা এদিনটি পালনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে নতুন করে বিক্ষোভও করেছে। দেশটির প্রথম আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার স্ত্রী মিশেল ও কন্যা মালিয়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ‘ইউনাইটেড উই সার্ভ’ লেখা একটি ব্যানারের নিচে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সেবা ও বৈচিত্র্যতা আমেরিকাকে শক্তিশালী করেছে।” “দেশটি যখন বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মধ্যদিয়ে পার করছে তখন একে সত্যিকার অর্থে সবচেয়ে শক্তিশালী করতে, বিশ্বে সবচেয়ে অসাধারণ দেশে পরিণত করতে একটি সম্প্রদায় হিসেবে জীবনের সব পর্যায়ের মানুষের একত্রিত হতে পারাটাই হলো মূল বিষয়।” এদিকে, ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলনকারীরা দিবসটি স্মরণে একটি মিছিল নিয়ে ম্যানহাটানে একটি ব্যাংকের সামনে জড়ো হয়। এসময় তারা ‘ব্যাংক পেয়েছে প্রণোদনা, আমরা হয়েছি বিক্রি’ বলে স্লোগান দিচ্ছিলো। এক বিবৃতিতে আন্দোলনকারীরা জানায়, এ বিক্ষোভের কারণ হলো লুথার কিং চাকরিজীবীদের অধিকার আদায়ে প্রচারাভিযান চালানোর পরিকল্পনা করে জীবনের শেষ কয়েকটি মাসকে উৎসর্গ করেছেন। আন্দোলনে যোগ দেওয়া নিউইয়র্কের অবসরপ্রাপ্ত শিক্ষক জিম গ্লাসের বলেন, “লুথার কিং’র জন্মদিনে সম্মান জানাতে এবং তার কর্মকাণ্ডে সমর্থন জানাতে আমি এখানে এসেছি।” আন্দোলনকারীদের অভিযোগ, একদিকে আমেরিকার প্রচুর জনগণ বেকার হয়ে পড়েছে। অন্যদিকে ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়া হচ্ছে। ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী লুথার কিং ছিলেন অসহিংসতা, জাতিগত ভ্রাতৃত্ব ও সম অধিকারের সমর্থক। ১৯৬৮ সালে স্যানিটেশন শ্রমিকদের এক আন্দোলনে যোগ দিতে টেনেসি যান তিনি। সেখানেই মোটেলের বারান্দায় গুলিতে তিনি নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২৮ ঘ.