ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন এক জাতের সাপ পাওয়া গেছে আফ্রিকার দেশ তানজানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। হলুদ-কালো আঁশ, ঘোলা হলদে চোখ ও দুই শিংওয়ালা ভীতিকর চেহারার এ সাপটির নাম রাখা হয়েছে ম্যাটিলডা’স হর্নড ভাইপার।
সাত বছরের একটি ছোট্ট মেয়ের নামে এই সাপটির নামকরণ করা হয়েছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়।
দুই বছর আগে তানজানিয়ার ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির পরিচালক টিম ড্যাভেনপোর্টসহ তিন সদস্যের একটি দল খুঁজে পায় এ সাপটি। ড্যাভেনপোর্টের মেয়ে ম্যাটিলডার নামে এর নামকরণ করা হয়।
এটি দুই ফুট বা তার চেয়ে বড়ো হতে পারে। দেখতে বেশ হিংস্র হলেও খুব আগ্রাসী নয় প্রাণীটি। তবে এটি বিষধর বলে মনে করা হচ্ছে।
১২ বছর ধরে তানজানিয়ায় বসবাসকারী ব্রিটিশ নাগরিক ড্যাভেনপোর্ট বলেন, খুঁজে পাওয়ার পর আমার পাঁচ বছরের মেয়ে এটার প্রতি এতোটাই আকৃষ্ট হয়ে পড়ে যে, সারাদিন, সে এটার পাশেই বসে থাকতো। সাপটিকে দেখা-শোনা করতেও সে আমাদের সাহায্য করতো।
তখন থেকে আমরা একে ম্যাটিলডা’স ভাইপার ডাকতাম। পরে ওই নামটিই থেকে যায়।
গত তিন দশকে আফ্রিকা অঞ্চলে তিন প্রজাতির ভাইপার পাওয়া গেছে। এদের প্রতিটিই গুরুত্বপূর্ণ ও দুর্লভ।
তবে চোরা শিকারীদের হাত থেকে সাপগুলোকে বাঁচাতে ঠিক কোথায় এদের পাওয়া গেছে তা প্রকাশ করছে না ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি।
নিউইয়র্কের ব্রন্ক্স চিড়িয়াখানা ও সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানা পরিচালনা করে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। এ দুটি চিড়িয়াখানার যেকোনোটিতে প্রদর্শনের জন্য ম্যাটিলডা’স হর্নড ভাইপার রাখা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১০৫৮ ঘ.
bdnews24