ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিকে সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব, অন্যদিকে আদালতের চাপ এবং গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠায় আস্থা ভোট- সব মিলিয়ে নাকাল পাকিস্তানের বর্তমান সরকার।
এত সবের মধ্যে পাকিস্তানে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গিলানিও সরে পড়তে চাইছেন পাকিস্তানি একটি টেলিভিশন চ্যানেল সোমবার জানিয়েছে, যার ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।
তবে দেশটির আইনমন্ত্রী মাওলা বক্স সাংবাদিকদের বলেছেন, গিলানি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন এবং আগামী ১৯ জানুয়ারি তার সঙ্গে সংসদ সদস্যরাও আদালতে যাবেন।
“পার্লামেন্টের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে,” বলেন মওলা বক্স।
জারদারির বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো পুনরুজ্জীবিত করতে আদালতের দেওয়া আদেশের বিষয়ে প্রধানমন্ত্রীকে সরকারের পরিকল্পনা পেশ করতে নির্দেশ দিয়েছিল আদালত।
কিন্তু ওই নির্দেশ পালন না করায় জারদারির মামলার শুনানি চলাকালে সোমবার প্রধানমন্ত্রীকে ১৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়।
বিবিসি জানিয়েছে, আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে গিলানি এমনিতেই ক্ষমতায় থাকতে পারবেন না।
তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ইমরান খান সোমবার বলেছেন, প্রেসিডেন্ট জারদারির ‘দুর্নীতি’ রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
আদালত অবমাননার অভিযোগে সোমবার সুপ্রিম তলবের আদেশ দেওয়ার পর প্রেসিডেন্ট আসিফ আলি খান জারদারির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গিলানি পদত্যাগের ইচ্ছার কথা জানান বলে পাকিস্তানি টেলিভিশন এআরওয়াই নিউজ জানিয়েছে।
পাকিস্তান পিপসল পার্টির (পিপিপি) নেতা গিলানি পরে সরকারের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেন। মিত্র দলগুলোর নেতারা সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতে না জড়িয়ে গিলানিকে ১৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার পরামর্শ দিয়েছেন বলে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে।
শরিক দলগুলোর পর পিপিপির বৈঠকেও অংশ নেন গিলানি। এতে জারদারিও ছিলেন। আদালত অবমাননার অভিযোগের জবাব কী হবে, তা ঠিক করতেই এই বৈঠক বলে পিপিপি নেতাদের উদ্ধৃতি দিয়ে ডন জানিয়েছে।
সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই আদালতের চাপ এলো গিলানির ওপর। এই প্রেক্ষাপটে পার্লামেন্টে সমর্থন পেতে আস্থা ভোটেরও আয়োজন করেছে গিলানি সরকার।
গিলানি ইতোমধ্যে জানিয়েছেন, পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলে নিজেই পদত্যাগের প্রস্তাব আনবেন। তিনি বলেছেন, পার্লামেন্ট না চাইলে তিনি পদ ধরে রাখবেন না।
ভোট সম্পর্কে গিলানির মন্তব্য- “এই ভোট ‘গণতন্ত্র বনাম একনায়কতন্ত্রে’র ভোট। পার্লামেন্ট সদস্যদের সতর্ক করে দুদিন আগেই তিনি বলেছিলেন, সরকার ভোটে হেরে যাওয়ার মানে হবে সামরিক শাসন ফিরে আসা।
বিশ্লেষকরা বলছেন, সরকার আস্থা ভোটে জয়ী হলে নৈতিক জয় পাবেন প্রধানমন্ত্রী গিলানি। সে ক্ষেত্রে বৃহস্পতিবার মাথা উঁচু করেই আদালতে হাজির হতে পারবেন তিনি।
পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে সরকারের মুখোমুখি অবস্থানের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশটিতে আবার সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছে।
সরকার ও সেনাবাহিনীর এ দ্বন্দ্বের মূলে রয়েছে একটি গোপন বার্তা। গত বছর ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সম্ভাব্য সেনা অভ্যুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে ওয়াশিংটনে ওই বার্তা পাঠানো হয়। তাতে কারো নাম বা স্বাক্ষর না থাকলেও বার্তাটি নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়।
এ সপ্তাহের শুরুর দিকে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এরই মধ্যে প্রতিরক্ষীমন্ত্রীকে বরখাস্ত করেন গিলানি।
গণমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী গিলানি সেনাবাহিনীর সমালোচনা করার পর সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ্যে তাকে ভর্ৎসনা করা হয়। এর ভয়াবহ পরিণতি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে দেশটির প্রভাবশালী সেনাবাহিনী।
গত মাসে গিলানি বলেন, তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র চলছে। তবে কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে তিনি কিছু না বললেও দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি সেটাকে গুজব বলে নাকচ করেন।
এ বার্তা চালাচালি নিয়ে ইতোমধ্যে নিজস্ব তদন্ত শুরু করেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত, সোমবার এর ওপর শুনানিও হয়েছে।
বিডিনিউজ টোর্য়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/এমআই/২১৫৫ ঘ.
bdnews24