২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারে আস্থা জানালো পাকিস্তান পার্লামেন্ট

সামরিক বাহিনী ও আদালতের চাপে ইউসুফ রাজা গিলানির সরকার- এমন পরিস্থিতিতে সরকারের ওপর আস্থা জানানো একটি প্রস্তাব গৃহীত হয়েছে পার্লামেন্টে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 07:38 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক বাহিনী ও আদালতের চাপের মধ্যেই এমন একটি প্রস্তাব পাকিস্তান পার্লামেন্ট গ্রহণ করেছে যা ইউসুফ রাজা গিলানির সরকার তথা গণতন্ত্রকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। সোমবার রাতে গৃহীত ওই প্রস্তাবকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি- বলা হয় পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনের এক খবরে। সংসদে তিনি বলেন, “নেতা নির্বাচনে পাকিস্তান পার্লামেন্ট স্বাধীন। কেউ যদি আমাদের পছন্দ না করে তাদের অনাস্থা জানানোর স্বাধীনতা রয়েছে।” “আমি আদালতকে শ্রদ্ধা করি। জানুয়ারির ১৯ তারিখ সুপ্রিম কোর্টে হাজির হবো,” যোগ করেন গিলানি। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে আদালতের দেওয়া আদেশ পালন না করায় গিলানিকে ১৯ জানুয়ারি আদালতে হাজির হতে সোমবারই আদেশ দেয় সুপ্রিম কোর্ট। পার্লামেন্টে আওয়ামী ন্যাশনাল পার্টি নেতা এসফেন্দিয়ার ওয়ালি খানের উত্থাপিত প্রস্তাবটিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কঠোরভাবে সাংবিধানিক ‘সীমাবদ্ধতা’ মেনে চলার কথা বলা হয়েছে। দেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি ‘পূর্ণ আস্থা ও বিশ্বাস’ থাকার কথাও উল্লেখ করা হয় প্রস্তাবে। রাষ্ট্রের তিন অঙ্গের [সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ] ক্ষমতা বিষয়ে সংবিধানের মূলনীতির সঙ্গে সাযুজ্য রাখার আহ্বানও জানানো হয় প্রস্তাবে। এতে বলা হয়, মূলনীতি অনুযায়ী সংসদ সার্বভৌম এবং এর অবস্থান বাকি দুই অঙ্গের ঊর্ধ্বে। পার্লামেন্টে এ প্রস্তাব গৃহীত হওয়ায় গিলানির সরকারকে আর আস্থা ভোটের ভেতর দিয়ে যেতে হবে না। গিলানি অবশ্য ইতোমধ্যে বলেছিলেন, পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলে নিজেই পদত্যাগের প্রস্তাব আনবেন। তিনি বলেছেন, পার্লামেন্ট না চাইলে তিনি পদ ধরে রাখবেন না। ‘ সংসদ সদস্যরাও আদালতে যাবেন’ এর আগে সামরিক বাহিনী ও আইনের চাপে থাকা গিলানি সরে পড়তে চাইছেন বলে পাকিস্তানি একটি টেলিভিশন চ্যানেল খবর প্রকাশ করে সোমবারই; এর ওপর ভিত্তি করে ভারতীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়। তবে দেশটির আইনমন্ত্রী মাওলা বক্স সাংবাদিকদের বলেন, গিলানি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন এবং আগামী ১৯ জানুয়ারি তার সঙ্গে সংসদ সদস্যরাও আদালতে যাবেন। “পার্লামেন্টের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে,” বলেন তিনি। বিবিসি জানায়, আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে গিলানি এমনিতেই ক্ষমতায় থাকতে পারবেন না। তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ইমরান খান বলেন, প্রেসিডেন্ট জারদারিকে ‘দুর্নীতির’ অভিযোগ থেকে রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ‘ জারদারির সঙ্গে গিলানির বৈঠক’ আদালত অবমাননার অভিযোগে সোমবার সুপ্রিম কোর্ট তলবের আদেশ দেওয়ার পর প্রেসিডেন্ট আসিফ আলি খান জারদারির সঙ্গে বৈঠক করেন গিলানি। বৈঠকে তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানান বলে পাকিস্তানি টেলিভিশন এআরওয়াই নিউজ জানায়। পাকিস্তান পিপসল পার্টির (পিপিপি) নেতা গিলানি পরে সরকারের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেন। মিত্র দলগুলোর নেতারা সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতে না জড়িয়ে গিলানিকে ১৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার পরামর্শ দেন বলে জানায় দৈনিক ডন। শরিক দলগুলোর পর পিপিপির বৈঠকেও অংশ নেন গিলানি। এতে জারদারিও ছিলেন। আদালত অবমাননার অভিযোগের জবাব কী হবে, তা ঠিক করতেই এই বৈঠক বলে পিপিপি নেতাদের উদ্ধৃতি দিয়ে জানায় ডন। সরকার-সেনাবাহিনী দ্বন্দ্বের মূল সরকার ও সেনাবাহিনীর সা¤প্রতিক দ্বন্দ্বের মূলে রয়েছে একটি গোপন বার্তা। গত বছর ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সম্ভাব্য সেনা অভ্যুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে ওয়াশিংটনে ওই বার্তা পাঠানো হয়। তাতে কারো নাম বা স্বাক্ষর না থাকলেও বার্তাটি নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়। এ সপ্তাহের শুরুর দিকে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন গিলানি। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী গিলানি সেনাবাহিনীর সমালোচনা করার পর সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ্যে তাকে ভর্ৎসনা করা হয়। এর ভয়াবহ পরিণতি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে দেশটির প্রভাবশালী সেনাবাহিনী। গত মাসে গিলানি বলেন, তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র চলছে। তবে কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে তিনি কিছু না বললেও দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি সেটাকে গুজব বলে নাকচ করেন। এ বার্তা চালাচালি নিয়ে ইতোমধ্যে নিজস্ব তদন্ত শুরু করেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত, সোমবার এর ওপর শুনানিও হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে সরকারের মুখোমুখি অবস্থানের মধ্যে দক্ষিণ এশিয়ার এ দেশটিতে আবার সামরিক অভ্যুত্থানের আশঙ্কাও করছেন বিশ্লেষকদের কেউ কেউ। বিডিনিউজ টোর্য়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/এমআই/পিডি/০০৩২ ঘ.