২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সোমালিয়ায় দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা যেতে পারে’

‘হর্ন অব আফ্রিকা’ বলে পরিচিত সোমালি উপদ্বীপে চলমান দুর্ভিক্ষ শেষ হওয়ার আগেই অনাহারে হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের সোমালিয়া দপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ‘হর্ন অব আফ্রিকা’ বলে পরিচিত সোমালি উপদ্বীপে চলমান দুর্ভিক্ষ শেষ হওয়ার আগেই অনাহারে হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের সোমালিয়া দপ্তর। ছয়মাস আগে সোমলিয়ার খাদ্য সঙ্কটের ঘোষণা দেওয়া হয়। কিন্তু আগামী জুলাই বা অগাস্টের আগে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। সোমালিয়ায় নিযুক্ত জাতিসংঘের প্রধান ত্রাণ কর্মকর্তা মার্ক বাউডেন রোববার বিবিসিকে জানান, বিশ্বে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা সোমালিয়ায় সবচেয়ে বেশি। তিনি বলেন, সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে আড়াই লাখই দুর্ভিক্ষে আক্রান্ত। “অনাহারে গত বছর মারা যাওয়া মানুষের সংখ্যা প্রায় লাখ খানেকের কাছাকাছি হবে বলে আমরা জানি,” বলেন তিনি। দুর্ভিক্ষে শিশুরাই বেশি কষ্ট পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৫০ শতাংশ শিশু তীব্র ও চরম দুর্ভিক্ষের শিকার হচ্ছে। অপুষ্টির হার কমতে শুরু করলেও সঙ্কট কাটতে কাটতে আরো ছয় বা সাতমাস লেগে যাবে বলে জানান তিনি। গৃহযুদ্ধে জর্জরিত সোমলিয়ায় গত বিশ বছর ধরে কার্যত কোনো কেন্দ্রীয় সরকার নেই। দেশটিতে ১শ’ কোটি ৩০ লাখ ডলারের খাদ্য সাহায্য পাঠানো হলেও দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবিলার জন্য তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিবিসি আফ্রিকার সম্পাদক মার্টিন প্লাউট। জাতিসংঘের হিসাবমতে, গত বছর প্রায় ১৫ লাখ অনাহারী মানুষ খাবারের সন্ধানে এলাকা ছেড়ে প্রতিবেশি ইথিওপিয়া, কেনিয়াসহ অন্যান্য দেশে চলে গেছে। ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া ও সোমালিয়াকে একসঙ্গে হর্ন অব আফ্রিকাভুক্ত বলে চিহ্নিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪১ ঘ.