২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার সমালোচনা করলেন মারডক

ইন্টারনেট পাইরেসি বন্ধে প্রস্তাবিত আইনের অংশ বিশেষে ওবামা প্রশাসনের বিরোধিতার সমালোচনা করেছেন ‘মিডিয়া মোগল’ খ্যাত রুপার্ট মারডক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

নিউ ইয়র্ক, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্টারনেট পাইরেসি বন্ধে প্রস্তাবিত আইনের অংশ বিশেষে ওবামা প্রশাসনের বিরোধিতার সমালোচনা করেছেন ‘মিডিয়া মোগল’ খ্যাত রুপার্ট মারডক। শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে এক খুদেবার্তায় তিনি এই সমালোচনা করেন। নিউজ কর্পের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রুপার্ট বলেন, “ওবামা নিজেকে সিলিকন ভ্যালির দলে যুক্ত করেছেন যার কর্মচারীরা সব ধরনের সফটওয়্যার নির্মাতাকে পাইরেসির হুমকি দিয়েছে।” চলচ্চিত্র প্রদর্শন উন্মুক্ত করে দেওয়ায় গুগলকে তিনি ‘পাইরেসি নেতা’ হিসেবেও আখ্যায়িত করেন। পরে অবশ্য রুপার্ট নিজের মন্তব্য পাল্টে ‘গ্রেট কোম্পানি’ হিসেবে প্রশংসা করেন গুগলের। ফক্স টিভি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স স্টুডিওস এবং ব্রিটেনের দ্য সান সংবাদপত্রের কর্ণধার তিনি। হাউস অব রিপ্রেজেন্টেটিভে উত্থাপিত ‘স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট’ (এসওপিএ)’র উদ্দেশ্য হলো মার্কিন কপিরাইট আইন লঙ্ঘণকারী আধেয় প্রচারকারী বিদেশি সাইটগুলো বন্ধে ইন্টারনেট কোম্পানিগুলোকে বাধ্য করা। যেন পাইরেটেড আমেরিকান সিনেমা, গান বা অন্যান্য বিষয়ের বিক্রি বন্ধ করা যায়। অনলাইন বিজ্ঞাপন বন্ধে মার্কিন বিজ্ঞাপনী নেটওয়ার্কের ওপর চাপ দেওয়া হতে পারে। আর ক্ষতিকর পাইরেটেড পণ্য সরাসরি খুঁজে পেতে সহায়তাকারী সার্চ ইঞ্জিনগুলো বন্ধের কথাও বলা হয়েছে এই বিলে। কংগ্রেসে পাশ হওয়ার অপেক্ষায় থাকা এসওপিএ’র বিভিন্ন বিষয় নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা শনিবার তাদের উদ্বেগ প্রকাশ করেন। তবে মার্কিন চাকরি রক্ষায় ইন্টারনেট পাইরেসি বন্ধে আইন প্রণয়ন প্রয়োজন বলে জানিয়েছে হলিউডের স্টুডিও ও মিউজিক কোম্পানিগুলো। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তিনজন উপদেষ্টা একটি ব্লগে জানান, এ আইন ও এ ধরনের বিল ইন্টারনেট ব্যবসাকে ঝুঁকিপূর্ণ থেকে মামলা করার পর্যায়ে নিয়ে যেতে পারে। এটি আইনি কর্মকাণ্ড ও বাক স্বাধীনতার জন্য ক্ষতিকর হতে পারে বলেও জানান তারা। তারা বলেন, “অনলাইন পাইরেসি বন্ধে নেওয়া যে কোনো উদ্যোগের ক্ষেত্রে অবশ্যই আইনি কর্মকাণ্ডে অনলাইন সেন্সরশিপের ঝুঁকির প্রতি খেয়াল রাখা উচিত।” এ কর্মকর্তাদের মধ্যে হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা জার হোয়ার্ড সিমিদও ছিলেন। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২০ ঘ.