আম্মান, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় গৃহযুদ্ধ দেখা দেওয়ার আশঙ্কার মধ্যেও চলছে ট্যাংক হামলা। শুক্রবারের সহিংসতায় সিরিয়ায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। লেবানন সীমান্তবর্তী জাবাদানি শহরে সেনারা ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিরোধী নেতারা।
আরব লিগ নেতারা গত মাসে সিরিয়ায় পৌঁছানোর পর এটিই দেশটিতে সবচেয়ে বড় সামরিক হামলা। আরব লিগের প্রধান সিরিয়ায় ১০ মাসের সহিংসতা গৃহযুদ্ধে মোড় নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
এ আশঙ্কার মধ্যেই শহরে শহরে চলছে ট্যাংকের গোলা হামলা। জাবাদানি শহরের এক বিরোধীদলীয় নেতা বলেন, শহরটিতে ট্যাংকের গোলা হামলা চলছে। তবে তীব্র প্রতিরোধেরও সম্মুখীন হচ্ছে সেনারা। শহরটিতে শক্তিশালী অবস্থানে রয়েছে ফ্রি সিরিয়ান আর্মির সেনারা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ৭ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে হোমস এ নিহত হয়েছে ৪ জন। নিহত হয়েছে অন্য আরো ৩ জন।
হোমস ও দামেস্কের আশেপাশের শহরে পৃথক দুটি সহিংসতার ঘটনায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ মোট ৫ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে ১৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫৫ঘ.
bdnews24