বার্লিন, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের ঋণমান সূচকে সর্বোচ্চ মান ‘ট্রিপল এ’ হারিয়েছে ফ্রান্স ও অস্ট্রিয়া। সূচকে অবনমন ঘটেছে ইউরো অঞ্চলের আরো ৭ দেশের।
গত বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবেচনায় নতুন এই সূচক প্রকাশ করে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসএন্ডপি) বলেছে, ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোভুক্ত দেশগুলোর নেতারা অর্থনৈতিক সংকট সামাল দিকে ব্যর্থ হয়েছেন। এমনকি এই সংকটের আসল কারণও তারা চিহ্নিত করতে পারেননি।
এমন এক দিনে এসএন্ডপি এই সূচক প্রকাশ করেছে, যার তারিখ ছিল ‘আনলাকি’ ১৩। আর ৯ দেশের মানে অবনমন ঘটার খবরে ইউরোপের পুঁজিবাজারে দরপতন শুরু হওয়ায় বাজার সংশ্লিষ্টরা এ দিনকে চিহ্নিত করছেন ইউরোজোনের জন্য ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসেবে।
এসএন্ডপির সূচকে ইটালি, স্পেন, সাইপ্রাস ও পর্তুগালের অবনমন হয়েছে দুই ধাপ করে। আর স্লোভানিয়া, স্লোভাকিয়া ও মাল্টার পতন হয়েছে এক ধাপ। তবে ইউরোপের সর্বচেয়ে বড় অর্থনীতি জার্মানির পাশাপাশি নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও ফিনল্যন্ড শীর্ষ মান ‘ট্রিপল এ’ ধরে রাখতে পেরেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই ঋণমান সংস্থা এক বিবৃতিতে বলেছে, “আমাদের মূল্যায়ন হচ্ছে- ইউরোপীয় নীতিনির্ধারকরা গত কিছুদিন ধরে ইউরোজনের সংকটে সঠিকভাবে সাড়া দিতে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। এই মূল্যায়নের ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়েছে।”
গ্রিস, ইটালি ও পর্তুগালের ঋণ সংকটসহ সব মিলিয়ে ২০১০ সালে একটি বাজে বছর পার করেছে ইউরোজোন। এই সংকটে গ্রিস ও ইটালিতে সরকারেও পরিবর্তন এসেছে। আগামী দিনে আরো বড় সংকট এড়াতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিজস্ব একটি মুদ্রা তহবিল গড়ার উদ্যোগ নেওয়া হলেও তাতে না থাকার কথা সাফ জানিয়ে দিয়েছে ব্রিটেন।
এই পরিস্থিতিতে এসএন্ডপির নতুন সূচকে ইউরোজোনের ১৪টি দেশকে রাখা হয়েছে নেতিবাচক ‘আউটলুক’ তালিকায়, যাদের মধ্যে ‘ট্রিপল এ’ রেটিংধারী নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও ফিনল্যন্ডও আছে। ইউরোভুক্ত বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে কেবল জার্মানির অবস্থাই এখনো ‘স্থিতিশীল’ বলে মনে করছে এসএন্ডপি।
অবশ্য এসএন্ডপির এই মূল্যায়নকে খুব একটা পাত্তা দিতে রাজি নন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ফ্রান্সের অর্থমন্ত্রী ফ্রাঁকোইস ব্যারোঁ, যদিও তার দেশ ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো এই সূচকে ‘ট্রিপল এ’ থেকে ‘এএপ্লাসে’ নেমে এসেছে।
শুক্রবার এসএন্ডপির সূচক প্রকাশের পর এই ফরাসি রাজনীতিক বলেন, “এটাকে দুর্যোগ ভাবার কোনো কারণ নেই। রেটিংয়ে আমাদের অবস্থা এখনো চমৎকার। তবে এটা ঠিক যে অবনমনের খবরটা ভালো নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৩০ ঘ.
bdnews24