অসলো, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের আত্মস্বীকৃত খুনি আন্দ্রেস বেরিং ব্রেইভিককে শুক্রবার দ্বিতীয়বার মানসিক পরীক্ষার নির্দেশ দিতে পারে অসলো আদালত।
এর আগে একদল বিশেষজ্ঞ তাকে মানসিক বিকারগ্রস্ত ও কারাগারে পাঠানোর উপযুক্ত নয় বলে জানালে বিতর্কের জন্ম হওয়ায় দ্বিতীয়বার মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়া হবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে।
২০১১ সালের জুলাইতে নরওয়ের রাজধানী অসলোর পার্লামেন্টে ভবনের নিকটবর্তী দ্বীপ উটাইয়াতে একটি যুব ক্যাম্পে হামলা চালায় ব্রেইভিক। ওই হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়।
ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠায় হামলা থেকে বেঁচে যাওয়া ও ক্ষতিগ্রস্তরা নতুন করে স্বাস্থ্য পরীক্ষার দাবি জানিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে না পারলে তার পক্ষে এমন সুসংগঠিত হামলা চালানো সম্ভব নয়।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে অসলে জেলা আদালতের বিচারক ব্রেইভিকের দ্বিতীয় দফা মানসিক স্বাস্থ্য পরীক্ষা হবে কিনা সে বিষয়ে নির্দেশ দেওয়ার কথা।
এদিকে বৃহস্পতিবার নরওয়ের অনলাইন সংবাদপত্র ‘ভিজি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং দুইজন মনোবিজ্ঞানীকে দিয়ে এ পরীক্ষা করানোর ঘোষণা আসবে।
আগের পরীক্ষায় ব্রেইভিককে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে ঘোষণা করা হয়।
এছাড়া সরকারি প্রচার মাধ্যমেও মামলার সঙ্গে সম্পৃক্ত সূত্রের বরাত দিয়ে নিশ্চিতভাবে দ্বিতীয়বার মানসিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৩ ঘ.
bdnews24