কাবুল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে কয়েকবছর ব্যয় হলেও এখনও পর্যন্ত আফগানিস্তানে প্রতি তিনজনে কেবল একজন ব্যক্তি বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পায়। বর্তমানে দেশটি আমদানি করা বিদ্যুতের ওপর অনেকটাই নির্ভরশীল।
রাষ্ট্রায়ত্ব বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দ্য আফগানিস্তান ব্রেশনা শেরকাত (ডিএবিএস)’র প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল রাজিক সামাদি রয়টার্সকে একথা বলেন।
তিনি বলেন, “পুরো দেশের তুলনায় রাজধানী কাবুলের অবস্থা বেশ ভালো। এখানকার প্রায় ৭০ শতাংশ বাড়িতেই বিদ্যুৎ সংযোগ রয়েছে।
“কেবল দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিবর্তে আমরা ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পাই। আর এটা বেশ নির্ভরযোগ্য।”
কয়েক দশক ধরে চলা যুদ্ধে দুর্বল হয়ে পড়া অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে নাজুক অবস্থায় থাকা আফগানিস্তানের মতো দেশের জীবনব্যবস্থার উন্নয়নে সবার কাছে বিদ্যুৎ পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ।
গত ৫ বছরে কাবুলে বিদ্যুতের চাহিদা তিনগুন বেড়েছে এবং প্রতিবছরই তা বাড়ছে।
সামাদির হিসেব অনুযায়ী, ২০২০ সালে আফগানিস্তানে বিদ্যুতের চাহিদা প্রায় ৩ হাজার মেগাওয়াটে পৌঁছুবে। বর্তমানে দেশটিতে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ মাত্র ৬শ’ মেগাওয়াট।
ব্যস্ত সময়ে (পিক আওয়ার) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা দেশটির খুবই সাধারণ একটি চিত্র। ২০০৯ সালে উজবেকিস্তান থেকে নতুন একটি বিদ্যুৎ লাইনের মাধ্যমে কাবুলে বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ায় অবস্থার কিছুটা উন্নতি হয়।
ডিএবিএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “মোট সরবরাহের অর্ধেকেরও বেশি পূরণ হয় আমদানি করা বিদ্যুৎ থেকে এবং আগামী মেয়াদেও এ অবস্থা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।”
ট্রান্সমিশন নেটওয়ার্কের সীমাবদ্ধতার জন্য আমদানি করা বিদ্যুতের পরিমাণও সীমিত হয়ে যায়।
আফগানিস্তানে মূলত পানিবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তবে পানির স্বল্পতা ও ব্যবস্থাপনায় সমস্যার কারণে প্রকৃত উৎপাদন কম হয়।
সামাদি বলেন, “এ কারণে আমাদের অবস্থা কিছুটা ঝুঁকিপূর্ণ। আমরা অন্যদের ওপর নির্ভরশীল এবং এটাই আমাদের সমস্যা।”
গত ১০ বছর বিদ্যুৎ খাতে লাখ লাখ ডলার সহায়তা পেলেও পুরো আফগানিস্তানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারে এমন অনেক প্রকল্পই এখনও আলোচনার টেবিলে রয়ে গেছে।
দুর্নীতির কারণে রাজস্ব সংগ্রহ ও প্রকল্প শেষ হতে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করেন সামাদি।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১১৫ ঘ.
bdnews24