ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপমহাদেশের খ্যাতিমান গজল গায়ক মেহেদী হাসানকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্বাসকষ্টের সমস্যা গুরুতর হওয়ায় মঙ্গলবার রাতে তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে জানান তার ছেলে আরিফ হাসান।
এক যুগেরও বেশি সময় ধরে ফুসফুসের সমস্যায় ভুগছেন ৮৪ বছর বয়সী পাকিস্তানি এই গজল গায়ক।
আরিফ চিকিৎসকদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমকে জানান, মেহেদী হাসান ফুসফুস ও মূত্র সংক্রমণের সমস্যায় ভুগছেন।
“গত দুই বছর ধরে আমরা নল দিয়ে তাকে তরল খাবার খাওয়াচ্ছি। গত এক মাস ধরে তার মুখেও কোনো কথা নেই,” বলেন আরিফ।
এদিকে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম জানায়, চিকিৎসার জন্য পাকিস্তান সরকারের কাছে সহায়তা চেয়েছে মেহেদী হাসানের পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এএইচ/২০৩৩ ঘ.
bdnews24