ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সরকার বৃহস্পতিবার কারেন বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি সই করেছে।
মিয়ানমারের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এক খবরে একথা জানায়।
পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের রাজধানীতে ১৯ সদস্যের কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সঙ্গে সরকারি কর্মকর্তাদের আলোচনার মধ্য দিয়ে এ চুক্তি হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, সরকার ও কারেন বিদ্রোহী উভয় পক্ষই অস্ত্রবিরতরি সঙ্গে সঙ্গে যোগাযোগ কার্যালয় খোলাসহ একে অন্যের ভূসীমা দিয়ে চলাচল চালু করাসহ ১১ দফা দাবিতে সম্মত হয়েছে।
এতে করে সেনাবাহিনীর সঙ্গে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) মধ্যকার দীর্ঘদিনের সংঘাত বন্ধ হওয়া এবং রাজনৈতিক সমাধানে পৌঁছতে আলোচনা শুরুর পথ সুগম হলো।
অধিকতর সায়ত্তশাসনের দাবিতে ৬০ বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার সরকারের সঙ্গে লড়াই করে আসছে কারেন বিদ্রোহী দল কেএনইউ।
মিয়ানমারে অন্তত ১৭টি সশস্ত্র বিদ্রোহী দল রয়েছে। এর মধ্যে মাত্র একটির সঙ্গে অস্ত্রবিরতিতে পৌঁছাল দেশটির সরকার। বাকী দলগুলোর সঙ্গে ১৯৮৯ সাল থেকে আলোচনা চলে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪১ঘ.
bdnews24