২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার সমর্থন পেলেন জারদারি ও গিলানি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নেতৃত্বের প্রতি বুধবার আস্থা জানিয়েছে দেশটির মন্ত্রিসভা। একইসঙ্গে জাতীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে সরকার তার প্রচেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্তও নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নেতৃত্বের প্রতি বুধবার আস্থা জানিয়েছে দেশটির মন্ত্রিসভা। একইসঙ্গে জাতীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে সরকার তার প্রচেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্তও নিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্যমন্ত্রী ফিরদৌস আশিক আওয়ান সাংবাদিকদের একথা জানান। প্রধানমন্ত্রী গিলানি এ বৈঠকে সভাপতিত্ব করেন বলে দ্য ডন জানায়। আশিক আওয়ান জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক প্রধানমন্ত্রীর প্রতি আস্থা স্থাপন সংক্রান্ত খসড়া একটা প্রস্তাব উত্থাপন করেন এবং মন্ত্রিসভার সব সদস্য তাতে সমর্থন জানান। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হলেন গণমানুষের নির্বাচিত প্রতিনিধি এবং কারো একক ইচ্ছায় তাকে অপসারণ করা যাবে না। ফিরদৌস বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব চায়না সরকার। সাংবিধানিক নিয়ম অনুযায়ীই সব প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। আর এটা করা হলে একটি প্রতিষ্ঠান অপর কোনো প্রতিষ্ঠানের জন্য সংকট সৃষ্টি করতে পারবে না। “জোটের সব অংশীদারের সঙ্গে পরামর্শ ও সমঝোতার পরিপ্রেক্ষিতে সব সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, এনআরও বাস্তবায়ন বিষয়ে সরকার তার মন্তব্য সুপ্রিম কোর্টে উপস্থাপন করবে। অ্যাটর্নি জেনারেল এটা প্রস্তুত করতে বলেছেন বলেও জানান তিনি। ফিরদৌস বলেন, সংসদের গুরুত্বে বিশ্বাস করে সরকার এবং বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জাতীয় পরিষদের এক বৈঠক আহ্বান করা হয়েছে। জাতীয় পরিষদের সদস্য জামসেদ দাস্তির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) একটি গণতান্ত্রিক দল এবং প্রত্যেক ব্যক্তিরই মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ২০১০ সাল থেকে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো অর্থ সহায়তা পাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা নিজেরাই নিজেদের অর্থায়ন করতে সক্ষম হয়েছি।” বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৮ ঘ.