ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোমা বিস্ফোরণে ইরানের পরমাণু বিজ্ঞানী মোস্তফা আহমাদি রোশানের নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র টমি ভিয়েটর বলেছেন, “এই হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সত্যিই কিছুই করার ছিল না।” তিনি আরো বলেন, “আমরা এই হামলাসহ সব ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।”
ইরানের আণবিক শক্তি সংস্থা এই হত্যাকাণ্ডকে ‘দুর্বৃত্তিপনা’ বলে আখ্যায়িত করেছে।
ইরানের ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা রাহিমি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, বোমা হামলা চালিয়ে দেশের পরমাণু কর্মসূচির অগ্রগতি রোধ করা যাবে না।
বুধবার ব্যক্তিগত গাড়িতে করে যাওয়ার সময় বোমা হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী মোস্তফা আহমাদি রোশান গাড়িচালকসহ নিহত হন। রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটে।
তিনি নাতাঞ্জ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে কর্মরত ছিলেন। ৩২ বছর বয়সী ওই পরমাণু বিজ্ঞানী ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। তিনি ওই পরমাণু কেন্দ্রের একটি বিভাগ তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে ব্যস্ততম সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে দুইজন মটরসাইকেল আরোহী ওই বিজ্ঞানীর গাড়িতে চুম্বক বসানো বোমা লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গাড়িটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে বিজ্ঞানী মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তার গাড়ি চালক পরে মৃত্যুবরণ করেন।
সা¤প্রতিক বছরগুলোতে ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হন। এসব ঘটনার জন্য ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
কিন্তু উভয়রাষ্ট্রই ইরানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্রসহ মিত্ররাষ্ট্রগুলোর ধারণা ইরান পরমাণু বোমা তৈরির লক্ষ্যে কাজ করছে। কিন্তু দেশটি বরাবরই তা অস্বীকার করে আসছে। ইরানের দাবি, শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তাদের এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩২ ঘ.
bdnews24