ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে প্রকাশ্যে তিরস্কার করে কড়া হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী।
গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সামরিক নেতাদের সমালোচনা করায় গিলানিকে শাসিয়ে সেনাবাহিনী বলেছে, এর জন্য তাকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।
সেনাপ্রধান এবং গোয়েন্দাপ্রধানের বিরুদ্ধে অসাংবিধানিক আচরণের অভিযোগ করেছিলেন গিলানি।
এর পরিণতি অত্যন্ত যন্ত্রণাকর হতে পারে বলে সেনাবাহিনী গিলানিকে সতর্ক করেছে।
ওদিকে, গিলানি ইতোমধ্যেই সেনাবাহিনীর সঙ্গে নিবিড় সম্পর্কের অভিযোগে প্রতিরক্ষা সচিব নাঈম খালিদ লোদীকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে বিবিসি।
এ ঘটনায় সামরিক বাহিনীর নেতাদের সঙ্গে সরকারের সংঘাত আরো বাড়বে বলেই মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা।
পাকিস্তানে কয়েক মাস ধরে সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ছে।
এ পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর সঙ্গে নতুন করে এ সংঘাত পাকিস্তানকে আবার অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাধীনতার পর থেকে অর্ধেকেরও বেশি সময় পাকিস্তান সেনাশাসনাধীনে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৩ঘ.
bdnews24