তেহরান, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজ গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে এক ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তেহরানের ডেপুটি গভর্নর।
বুধবার উত্তর তেহরানে এ ঘটনা ঘটে।
ইরানের সংবাদ সূত্রগুলো নিহত বিজ্ঞানীর নাম মোস্তফা আহমাদি রোশান বলে জানিয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের একজন কর্মকর্তা ছিলেন।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, মটরসাইকেল আরোহী এক ব্যক্তি একটি চুম্বক বোমা বিজ্ঞানীকে বহনকারী গাড়িতে লাগিয়ে দেয়। ওই বোমা বিস্ফোরণেই আহমাদি রোশান নিহত হন।
গত কয়েক বছরে বেশ কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানী বোমা হামলায় নিহত হয়েছেন। এসব হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে ইরান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর তেহরানের আল¬ামা তাবেতাবাই বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের সামনে গোল নবি সড়কে হামলার ঘটনা ঘটে।
দুজন মটরসাইকেল আরোহীকে তারা একটি গাড়িতে বোমা স্থাপন করতে দেখেছেন বলে জানান।
এ ঘটনায় গাড়িতে থাকা একজনসহ আরো দুজন আহত হয়েছে বলে জানা গেছে।
তেহরানের ডেপুটি গভর্নর সাফারালি বারাতলো বলেছেন, “এটি ছিলো একটি চুম্বক বোমা যা এর আগেও পরমাণু বিজ্ঞানীদের হত্যার জন্য ব্যবহার করা হয়েছিলো। এটি ইহুদিদের (ইসরায়েলি) কাজ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪২ঘ.
bdnews24