২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার বিক্ষোভ চলছে

নাইজেরিয়ায় জ্বালানি খাতে ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রেসিডেন্ট গুডলাক জনাথনের ওপর চাপ সৃষ্টি করতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নাইজেরিয়ায় বিক্ষোভে নেমেছে মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

লাগোস/কানো, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ায় জ্বালানি খাতে ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রেসিডেন্ট গুডলাক জনাথনের ওপর চাপ সৃষ্টি করতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নাইজেরিয়ায় বিক্ষোভে নেমেছে মানুষ। এদিন দেশব্যাপী আরো জোরালো ধর্মঘট পালিত হয়েছে। ভর্তুকি তুলে নেওয়ায় দেশটিতে পেট্রোলের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নাইজেরিয়ায় প্রতি লিটার পেট্রোলের দাম এখন প্রায় ০ দশমিক ৯৩ মার্কিন ডলার। আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া ০১ জানুয়ারি থেকে মোটর গাড়ির জ্বালানি আমদানি খাতে ভর্তুকি বাতিল করেছে। ব্যয় সংকোচন পদক্ষেপের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে সরকার। দেশব্যাপী চলা মঙ্গলবারের বিক্ষোভ প্রায় প্রথম দিনের মতই ব্যাপক হয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসের রাস্তা-ঘাটও প্রায় ফাঁকা হয়ে গেছে। লাগোসে অবস্থিত লেবার ইউনিয়নের প্রধান কার্যালয়ের সামনে হাজার হাজার লোক সমবেত হয়েছে। সেখান থেকে তারা মিছিল নিয়ে বন্দরের দিকে এগিয়ে যায়। তেল শ্রমিকরাও ধর্মঘটে অংশ নিয়েছে এবং শেল ও এ্যাক্সন মোবিলে’র মত আন্তর্জাতিক কোম্পানিগুলোর কার্যালয়ও বন্ধ হয়ে যায়। কিন্তু শেল ও রাষ্ট্রীয় তেল কোম্পানি জানিয়েছে, তেল উৎপাদনে কোন ব্যাঘাত ঘটেনি। এর আগে সোমবার জনতার বিক্ষোভ দমনে পুলিশের চালানো গুলিতে ১ জন নিহত ও ২০ জন আহত হয়। অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া এ ধর্মঘটের প্রথম দিনেই দেশজুড়ে বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, অফিস-আদালত, দোকান-পাট ও পেট্রোল স্টেশনগুলো। নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন বলছেন, ভর্তুকি অর্থনৈতিক দিক থেকে টেকসই পদক্ষেপ নয়। কিন্তু ভর্তুকি তুলে দেওয়া অন্যায় বলে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ।