ব্রাসেলস, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরান থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে সিদ্ধান্তের জন্য ২৩ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আহ্বান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার ইইউ এক বিবৃতিতে এ তারিখ নির্দিষ্ট করেছে।
এতে বলা হয়েছে, ইইউ নেতাদের অন্য একটি সম্মেলনের সঙ্গে তারিখটি এক হয়ে যাওয়ায় তা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।
ইরানের ওপর চাপ বাড়ানোর পশ্চিমা পদক্ষেপের অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশটি থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে কবে থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে বিস্তারিত চূড়ান্ত করা হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হতে বেশ কয়েকমাস সময় লাগতে পারে বলে কয়েকজন কূটনীতিক জানিয়েছেন।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে দেশটিকে চাপ দেওয়ার পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো। স¤প্রতি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জবাবে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৭ঘ.
bdnews24