২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামের গুয়াহাটিতে চিতার আক্রমণে নিহত ১

আসামের প্রধান শহর গুয়াহাটিতে একটি বন্য চিতার আক্রমণে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামের প্রধান শহর গুয়াহাটিতে একটি বন্য চিতার আক্রমণে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন। শনিবার গুয়াহাটির শিলপুখুড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। ওই দিন ভোরে শিলপুখুড়ি এলাকার একটি শ্মশানের কাছে চিতাটিকে প্রথম দেখা যায়। শ্মশানে তখন স্থানীয় এক কংগ্রেস নেতার ছেলের শেষকৃত্যানুষ্ঠান চলছিলো। সেখানে রাজ্যের মন্ত্রীসহ অনেক লোকজন ছিলো। পুলিশ তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে চিতাটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাড়া খেয়ে চিতাটি জঙ্গলের দিকে না গিয়ে শিলপুখুড়ি আবাসিক এলাকার দিকে এগিয়ে যায়। ভারতীয় একটি সাপ্তাহিক ম্যাগাজিনের ফটোসাংবাদিক ও প্রত্যক্ষদর্শী মানাস পারাণ বলেন, “চিতাটি প্রথমে কয়েকটি বহুতল ভবনের ওপরে লাফিয়ে বেড়ায়, তারপর একটি ব্যাংকের ছাদ থেকে লাফিয়ে মাটিতে নামে।” স্থানীয় বাসিন্দারা লাঠিসোটা ও লোহার রড নিয়ে চিতাটিকে তাড়ানোর চেষ্টা করলে প্রাণীটি পাল্টা আক্রমণ করে। এসময় হামলার শিকার হন দেব কুমার দাস (৫০)। চিতাটির থাবার আঘাতে তার মাথা, কান ও ঘাড়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তাকে হাসপাতালে নেওয়া হয় ও চিকিৎসা শেষে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে পরদিন রোববার তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। চিতার হামলায় আরো কয়েকজন গুরুতর আহত হন। এদের মধ্যে কৃপেশ দে নামের একজন সংকটাপন্ন অবস্থায় আছেন । পরে চিতাটি একটি দোকানে ঢুকে পড়লে সেখানে প্রাণীটিকে বন্দি করে স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা এসে ট্রাংকুলাইজার ব্যবহার করে চিতাটিকে আটক করে। গুয়াহাটি চিড়িয়াখানায় নিয়ে পরিচর্যা করার পর চিতাটিকে মানাস বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। আসাম বন বিভাগের কর্মকর্তারা বলেন, বন্যপ্রাণী বিচরণক্ষেত্রের কাছাকাছি আবাসিক এলাকা গড়ে ওঠায় এ ধরনের ঘটনা ঘটছে। এ নিয়ে গত পাঁচ বছরে চিতার হামলায় গুয়াহাটিতে দুজন নিহত হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩২ ঘ.