পেশাওয়ার, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের খাইবার অঞ্চলে মঙ্গলবার একটি জ্বালানি পাম্পের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৬ জন।
পেশাওয়ার থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে জমরুদ বাজার থেকে খাইবার আদিবাসী খান জামান বলেন, “বিশাল বিস্ফোরণ হয়েছে এবং বাস টার্মিনালে থাকা বেশ কয়েকটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।”
জামান জানান, সরকারপন্থি মিলিশিয়া জাখাখেলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। বোমা বিস্ফোরণের সময় মিলিশিয়ারা ওই পাম্প থেকে গাড়িতে তেল নিচ্ছিল।
সহাকারী পুলিশ কর্মকর্তা জমরুদ মোহাম্মদ জামিল খান বলেছেন, হামলায় খাসাদার আদিবাসী পুলিশ বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। আহতদেরকে জমরুদ এবং পেশোয়ারের হাসপাতালে নেওয়া হয়েছে।
কেউই এখনও হামলার দায়িত্ব স্বীকার করেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
চলতি বছর পাকিস্তানে এটাই এ ধরনের সবচেয়ে বড় বোমা হামলা। শেষবার ৩০ ডিসেম্বর কোয়েটায় এক বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়।
পাকিস্তানের তেহরিক-ই- তালেবান পাকিস্তান (টিটিপি) এবং পাকিস্তান সরকারের মধ্যে শান্তি আলোচনা চলার পরস্পরবিরোধী খবরের মধ্যে এ হামলা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৯ঘ.
bdnews24