ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক দুই নেতার জন্মদিন উপলক্ষ্যে সাধারণ ক্ষমার মাধ্যমে রাজবন্দিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে বিবিসি’র এক খবরে বলা হয়েছে, সদ্য প্রয়াত নেতা কিম জং-ইল ও তার পিতা কিম ইল-সাংয়ের জন্মদিন উপলক্ষ্যে ২০১২ সালের ১ ফেব্র“য়ারি থেকে বন্দি মুক্তি কার্যক্রম শুরু হবে।
তবে এ সাধারণ ক্ষমার আওতায় ঠিক কতজন বন্দিকে মুক্তি দেয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’র তথ্যানুসারে উত্তর কোরিয়া জুড়ে রাজনৈতিক বন্দি শিবিরগুলোতে প্রায় দুই লাখ বন্দি রয়েছে।
কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, “যারা প্রেসিডেন্ট কিম ইল-সাং ও নেতা কিম জং ইলের মহৎ ও হিতৈষী রাজনীতিকে গ্রহণ করেছে তাদেরকেই সাধারণ ক্ষমায় মুক্তি দেয়া হবে।”
এ বছর দেশটিতে ইল-সাংয়ের জন্মশতবর্ষ ও জং-ইলের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
২০১১ সালের ১৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কিম জং-ইল। দেশটির নতুন নেতা নির্বাচন করা হয়েছে ইলের ছোট ছেলে কিম জং-উনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১০ ঘ.
bdnews24