২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমাদিনেজাদকে স্বাগত জানালেন শ্যাভেজ

ইরানের সঙ্গে মিত্রতার বিষয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে সফররত ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ভেনেজুয়েলায় স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

কারাকাস, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের সঙ্গে মিত্রতার বিষয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে সফররত ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ভেনেজুয়েলায় স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। ল্যাটিন আমেরিকার বামপন্থী সরকার অধ্যুষিত দেশগুলোতে এক সফরের অংশ হিসেবে রোববার আহমাদিনেজাদ ভেনেজুয়েলায় পৌঁছান। ভেনেজুয়েলার মাকুসিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে আহমাদিনেজাদকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি এলিয়াস জাউয়া এ সময় উপস্থিত ছিলেন। কঠোর পশ্চিমা অবরোধের মুখে আহমাদিনেজাদ ল্যাটিন আমেরিকার বাম সরকারগুলোর সমর্থন পেতে এ সফর করেছেন বলে বিশ্লেষকদের অভিমত। ভেনেজুয়েলার টেলিভিশনে স¤প্রচারিত এক ভাষণে আহমাদিনেজাদকে স্বাগত জানিয়ে হুগো শ্যাভেজ বলেন, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেছেন, ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা করা কোনো দেশের পক্ষে সুবিধাজনক হবে না। বেশ ভালো, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা ওই মুখপাত্রকে হাসির পাত্রে পরিণত করেছে।” “আপনারা এই বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এই বিষয়টি ভুলে যান ওবামা, বিষয়টি ভুলে যান। এর চেয়ে নিজ দেশের সমস্যা নিয়ে ভাবুন, যার সংখ্যা অনেক।” “আমরা মুক্ত। ল্যাটিন আমেরিকার মানুষ আর কখনো সাম্রাজ্যবাদী ইয়াঙ্কিদের সামনে হাঁটু গেড়ে দাঁড়াবে না। কখনোই না,” বলেন তিনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “ বিশ্বের দেশগুলোকে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার এটি উপযুক্ত সময় নয়।” আহমাদিনেজাদ ভেনেজুয়েলা থেকে পর্যায়ক্রমে কিউবা, নিকারাগুয়া ও ইকুয়েডর যাওয়ার পরিকল্পনা করেছেন। পরমাণু কার্যক্রম থেকে ইরানকে বিরত করতে ইরানের তেল শিল্পকে লক্ষ করে যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নও এ মাসের শেষ নাগাদ ইরানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.