ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর বন্দুকধারীর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।
বিবিসির এক খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় আদামাওয়া প্রদেশে শুক্রবার এ হামলা হয়। এ প্রদেশের মুবি শহরে একটি মিলনায়তনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি গ্র“পের সদস্যদের সভায় বন্দুকধারীরা গুলি চালালে অন্তত ১৭ জন নিহত হয়।
এছাড়া প্রাদেশিক রাজধানী ইয়োলার একটি গির্জায় প্রার্থনারতদের ওপর গুলিবর্ষণে অন্তত আট জন নিহত হয়।
নাইজেরিয়ার ইসলামপন্থী উগ্র সন্ত্রাসবাদী সংগঠন বোকো হারাম গ্র“প মুবি শহরে হামলার দায় স্বীকার করেছে।
ইয়োলার হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার ইয়োলার একটি গির্জায় প্রার্থনার সময় অস্ত্রধারীরা গুলি চালালে অন্তত আটজন নিহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়োলাতে বসাবাসকারী এক সাংবাদিক আল-জাজিরাকে বলেন, “সন্ধ্যার সময় খ্রিস্টান অ্যাপোস্টোলিক গির্জায় হামলা হয়েছে। কয়েকজন বন্দুকধারী গির্জার ভেতরে ঢুকে প্রার্থনারতদের ওপর গুলি চালালে বেশ কয়েকজন হতাহত হয়েছে।”
মুবি শহরে হামলার সময় অস্ত্রধারীরা ‘ঈশ্বর মহান’ শ্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয় পুলিশ কমিশনার আদি শিনাবা জানান, হামলাকারীদের সঙ্গে ছুরি ও কুড়ালও ছিল।
তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবারও দেশটির উত্তরাঞ্চলীয় গম্বি প্রদেশের নাসারাওয়া এলাকার একটি গির্জায় বন্দুকধারীদের গুলিতে ৬ স্বেচ্ছাসেবী নিহত ও ১০ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৮৪২ ঘ.
bdnews24