লন্ডন, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে নিজেদের কৌশলগত মজুদের তেল ব্যবহার করার পরিকল্পনা করেছে পশ্চিমা দেশগুলো।
শুক্রবার হরমুজ প্রণালীতে নতুন সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে ইরান। পশ্চিমা বিশ্বের আশঙ্কা, তেল রপ্তানির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পরিকল্পনায় ক্ষিপ্ত হয়ে মহড়া চলাকালে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে দেশটি।
তেলশিল্পের সূত্রগুলো ও কয়েকজন কূটনৈতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) জ্যেষ্ঠ নির্বাহীরা বৃহস্পতিবার এ ধরনের সঙ্কট মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের বিকল্প হিসেবে
মজুদ তেল ব্যবহারের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
ওই পরিকল্পনায় জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও অন্যান্য আমদানিকারক দেশের সরকারি মজুদ থেকে প্রতিদিন ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেল ছাড়ার কথা বলা হয়েছে।
এক মাস পর্যন্ত প্রতিদিন এ পরিমাণ মজুদ তেল ছাড়া হতে পারে।
হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ১ কোটি ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল জাহাজযোগে বিভিন্ন দেশে রপ্তানি হয়। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবে আইইএ।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ইরানের তেল রপ্তানির ওপর পশ্চিমা বিশ্ব কোনো নিষেধাজ্ঞা জারি করলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এ পথ দিয়েই বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে যায়।
ইরানের এ হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনকারী যে কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার আইন পাশ করেছে। ইরান কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই তাদের রপ্তানি করা তেলের মূল্য আদায় করে থাকে।
গত সপ্তাহেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছে।
এ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে ইরানের নতুন সামরিক মহড়া শুরুর ঘোষণায় এ তেল সরবরাহ পথ বন্ধ করে দেওয়ার হুমকির বিষয়টি সামনে চলে এসেছে।
আগামী মাসেই নতুন সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে ইরান। তখন এ প্রণালী বন্ধ করে দিলে একটি যুদ্ধাবস্থার সৃষ্টি হতে পারে, কেননা যুক্তরাষ্ট্রের শক্তিশালী পঞ্চম নৌবহরের সক্রিয় উপস্থিতি রয়েছে পারস্য উপসাগরেই। আর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইতোমধ্যেই যে কেনো মূল্যে হরমুজ প্রণালী অবরোধে ইরানের পদক্ষেপ নস্যাত করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৭৪০ ঘ.
bdnews24