২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে সিংহভাগ ধর্ষণের জন্য দায়ী আত্মীয় ও প্রতিবেশী

ভারতের রাজধানীকে নারীদের জন্য নিরাপদ করে তুলতে পুলিশের নতুন অনেক উদ্যোগের পরও ২০১১ সালে দিল্লিতে উল্ল্যেখযোগ্য সংখ্যক ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটেছে। আর এসব ঘটনার অধিকাংশের জন্য দায়ী পরিচিত ব্যক্তি অথবা আত্মীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাজধানীকে নারীদের জন্য নিরাপদ করে তুলতে পুলিশের নতুন অনেক উদ্যোগের পরও ২০১১ সালে দিল্লিতে উল্ল্যেখযোগ্য সংখ্যক ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটেছে। আর এসব ঘটনার অধিকাংশের জন্য দায়ী পরিচিত ব্যক্তি অথবা আত্মীয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক প্রতিবেদনে জানিয়েছে, অন্ততপক্ষে ৯৮ শতাংশ ধর্ষণের ঘটনা আত্মীয় বা পরিচিত কোনো ব্যক্তি ঘটায়। পিটিআই’র প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১১ সালে দিল্লিতে ৫৬৮টি ধর্ষণের ঘটনা ঘটে, আর ২০১০ সালে ধর্ষণের ঘটনা ঘটে ৫০৭টি। তবে প্রতি লাখে ধর্ষণের হার কমেছে বলে জানিয়েছে পিটিআই। ২০০৫ সালে দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটে প্রতি লাখে ৪ দশমিক ৪২। এ হার ২০১১ সালে ৩ দশমিক ৩৯ এ এসে দাঁড়ায়। দিল্লি পুলিশের বার্ষিক সংবাদ সম্মেলনে কমিশনার বিকে গুপ্ত বলেন, ২০১১ সালে ঘটা ৫৬৮টি ধর্ষণের মধ্যে ৫৫০টিই ঘটেছে নির্যাতিতের পরিচিত কারো দ্বারা। এ থেকে বলা যায়, এই অপরাধের ঘটনাগুলো বাড়িতে সুযোগ বুঝে ঘটানো হয়েছে। তিনি জানান, ২০১০ সালে ৪ শতাংশ ধর্ষণের ঘটনা অপরিচিত কারো দ্বারা ঘটেছে। ২০১১ সালে এ ধরনের ঘটনা কমে ২ শতাংশে এসে দাঁড়িয়েছে। নারীদের উপর যৌন নিপীড়নের ঘটনাও বেড়েছে ২০১১ সালে। ২০১০ সালে ৬০১টি নিপীড়নের ঘটনা ঘটে যা ২০১১ সালে ৬৫৩টিতে এসে দাঁড়ায়। নারী প্রতি সহিংসতার ঘটনা কমাতে আরো বেশি নারী পুলিশকর্মী নিয়োগ করা হবে বলে জানান কমিশনার বিকে গুপ্ত। এছাড়া সহিংসতার শিকার নারীদের সঙ্গে কথোপকথনের জন্য প্রতি পুলিশ স্টেশনে অন্তত একজন নারী পুলিশ নিয়োগ করা হবে বলেও তিনি জানান। এছাড়া নারীদের নিরাপত্তার জন্য বিপদগ্রস্ত নারীদের সহায়তা করা, বিভিন্ন বাসস্টপ, বাজার, সিনেমা হলসহ গণপরিবহনগুলোতে আকস্মিক তল্লাশিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য দিল্লি পুলিশের বিভিন্ন কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৫৩ ঘ.