২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার চার্চে বন্দুক হামলায় নিহত ৬

নাইজেরিয়ায় উত্তরাঞ্চলীয় গম্বি রাজ্যের নাসারাওয়া এলাকার একটি গির্জায় বন্দুকধারীদের গুলিতে ৬ স্বেচ্ছাসেবী নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

কানো, নাইজেরিয়া, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ায় উত্তরাঞ্চলীয় গম্বি রাজ্যের নাসারাওয়া এলাকার একটি গির্জায় বন্দুকধারীদের গুলিতে ৬ স্বেচ্ছাসেবী নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন । বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে ‘ডিপার লাইফ’ নামের ওই চার্চের যাজক জনসন জাউরো জানিয়েছেন । “হামলাকারীরা চার্চের জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এতে আমার স্ত্রীসহ বেশ কয়েকজন নিহত হয়। গির্জায় কাজ করতে আসা আমার বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছে,” টেলিফোনে জানান তিনি। গত বড়দিন থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত নাইজেরিয়ার বেশ কয়েকটি গির্জায় সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটিতে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। মঙ্গলবার স্থানীয় সংবাদপত্রে এক চরমপত্র প্রকাশ করে মুসলিম জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। চরমপত্রে তিন দিনের মধ্যে খ্রিস্টানদের উত্তর নাইজেরিয়া ছেড়ে যেতে বলা হয়, অন্যথায় তাদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ওই চরমপত্র প্রকাশের মাত্র দুদিনের মধ্যেই গির্জায় হামলা চালানো হলো। হামলার জন্য বোকো হারামকেই সন্দেহ করা হচ্ছে। ৩১ ডিসেম্বর উত্তরপূর্ব নাইজেরিয়াসহ আরো দুটি এলাকায় জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। বোকো হারামের ক্রমবর্ধমান জঙ্গি কার্যকলাপ মোকাবেলার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়। বোকো হারাম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ইসলামি শরিয়া আইন চালু করতে চায়। ১৬ কোটি অধিবাসীর দেশ নাইজেরিয়ার মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠী প্রায় সমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১০৪ ঘ.