নিপিধো, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সংস্কার ও রাজবন্দির মুক্তি অব্যাহত রাখার প্রতিশ্র“তিকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। এ ধরনের অগ্রগতি আরো হলে মিয়ানমারের সঙ্গে পশ্চিমাদের নিবিড় অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
মিয়ানমারে দুই দিনের সফরকালে বৃহস্পতিবার হেগ মিয়ানমারের গণতান্ত্রিক অগ্রগতিতে এ ইতিবাচক সাড়া দেওয়ার আশ্বাস দেন। ১৯৫৫ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে গেলেন।
১৯৫৫ সালে ঔপনিবেশিক শাসনমুক্ত হয় মিয়ানমার। ১৯৬২ সালে দেশটিতে সামরিক শাসন শুরু হয়।
তবে গত বছর নির্বাচিত একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে সামরিক বাহিনী। এর পর থেকে মিয়ানমারে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছে।
মিয়ানমারের প্রেসিডেন্ট থান শ'য়ের সঙ্গে বৈঠক শেষে উইলিয়াম হেগ বলেন, “আশা করি আমরা মিয়ানমারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক স¤প্রদায়, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের আগ্রহকে সরকারের উচ্চ পর্যায়ে জোরালোভাবে তুলে ধরতে পেরেছি।”
আর এ বিষয়টি মিয়ানমারে পরিবর্তন সংঘটিত হওয়ার ওপর নির্ভর করবে বলেও জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়েলর তথ্যানুসারে, মিয়ানমারে সবচেয়ে বেশি সহায়তা দিয়ে থাকে যুক্তরাজ্য।
মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে দেশটিকে অতিরিক্ত সাহায্য সরবরাহেরও ঘোষণা দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের তিনি বলেন, “গরীব লোকদের ক্ষুদ্র অর্থসহায়তার মাধ্যমে সহায়তা করা হবে। এছাড়া যুদ্ধে গৃহহারা মানুষের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা দেওয়া হবে।”
তিনি আরো বলেন, “ভবিষ্যতে মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলা এবং মানব উন্নয়নের ক্ষেত্রে আরো বেশি অবদান রাখতে পারব বলে আমরা আশা করি। তবে তা মিয়ানমারের প্রয়োজনীয় রাজনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করবে।”
তাছাড়া, মিয়ানমারে স্থায়ী রাজনৈতিক সংস্কার দেশটি থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া এবং দেশটির তেল ও গ্যাস ক্ষেত্রে পশ্চিমা বিনিয়োগের পথও উন্মুক্ত করতে পারে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৩৪ঘ.
bdnews24