২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে খনি এলাকায় ভূমিধসে নিহত ২৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে স্বর্ণখনিভিত্তিক একটি গ্রামে ভূমিধসে অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত অন্তত একশ’ মানুষ নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে স্বর্ণখনিভিত্তিক একটি গ্রামে ভূমিধসে অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত অন্তত একশ’ মানুষ নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে দেশটির মিন্দানাও দ্বীপের কম্পোসটেলা ভ্যালি প্রদেশের পানটুকানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। দেশটির জননিরাপত্তা প্রধান বেনিতো রামোস বলেন, গত দুদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে এ ঘটনা ঘটেছে। গতবছর এ গ্রামটির কাছাকাছি আরেকটি গ্রামে ভূমিধসে ১৪ জন নিহত হয়। রামোস বলেন, একটি সেনা ইউনিট ওই এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে তাদের কাছে কোনো ধরনের যন্ত্র ও সরঞ্জাম নেই। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে প্রয়োজনীয় যন্ত্র ও অন্যান্য সরবরাহের জন্য প্রাদেশিক ও স্থানীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি। রামোস আরো জানান, ওই এলাকায় স্বর্ণ উত্তোলনের জন্য অবৈধ খননকাজ চালাচ্ছিলো ওই গ্রামের লোকজন। তাদের সরকারিভাবে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হলেও তারা যায়নি। গত ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় ‘ওয়াসি’ মিন্দানাও দ্বীপে প্রচণ্ড আঘাত হানে। এর প্রভাবে প্রবল বন্যায় অন্ততপক্ষে ১ হাজার ২৪৯ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫৮ ঘ.