ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যান্টার্কটিকার উপকূলে সাগরের প্রায় ৮ হাজার ফুট নিচে ‘হারানো বিশ্ব’ খুঁজে পেয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। সেখানে আগ্নেয় উদগীরণের উত্তপ্ত পরিবেশের মধ্যেই বেঁচে আছে অনেক নতুন প্রজাতির জীব।
‘ডেইলি মেইল’র এক প্রতিবেদনে এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অক্সফোর্ড ও সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি দল ও ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে এই ‘হারানো বিশ্ব’ আবিষ্কার করেছে।
আবিষ্কারকরা জানিয়েছেন, তারা অ্যান্টার্কটিকার উপকূলে অভিযান চালানোর সময় ওই ‘হারানো বিশ্ব’ খুঁজে পান। সেখানে নিকষ অন্ধকার আর পৃথিবীর অভ্যন্তর থেকে বের হওয়া ধোঁয়া-কাদার নোংরা উত্তপ্ত পরিবেশের মধ্যে সামুদ্রিক কাঁকড়া, অক্টোপাস ও তারা মাছের সম্পূর্ণ নতুন প্রজাতি নিশ্চিন্তে বসবাস করছে।
ওই জায়গায় সাগর তলদেশের ফুটো দিয়ে পৃথিবীর ভিতর থেকে অনবরত উত্তপ্ত কালো ধোঁয়া বের হচ্ছে, তাপমাত্রা ৩৮০ সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় সীসাও গলে যায়। আর ওই পরিবেশে বাস করছে জীব। এটি অত্যন্ত বিস্ময়কর ব্যাপার।
সূর্যের আলো সাগরের ওই গভীরে প্রবেশ করে না। নিকষ অন্ধকারের মধ্যেই ওই প্রাণীগুলো বসবাস করে। প্রাণীগুলো পৃথিবীর অভ্যন্তর থেকে বের হওয়া ধোঁয়ার অতি বিষাক্ত রাসায়নিক ভেঙে তাদের খাদ্য তৈরি করে।
সেখানে প্রায় ২৪ রকমের নতুন ধরনের প্রজাতি পাওয়া গেছে। এর মধ্যে ‘ইয়েতি কাঁকড়া’ নাম দেওয়া এক ধরনের কাঁকড়ার আকার প্রায় ১৬ সেন্টিমিটার। এই কাঁকড়াটি তার বুকের লোমে জন্মানো ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১০ ঘ.
bdnews24