ব্রাসেলস, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের অপরিশোধিত তেল আমদানীর ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো।
বুধবার এ খবর জানিয়েছেন ইইউ’র কূটনীতিকরা। এতে ইরানের পরমাণু কর্মসূচী বন্ধ করতে পশ্চিমা দেশগুলোর কঠোর মনোভাব প্রকাশ পেলো।
এ সংবাদ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ২ ডলার বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ১১৪ ডলার।
কূটনীতিকরা জানান, ইইউ’র প্রতিনিধিরা ডিসেম্বরের শেষ দিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করে। ওই আলোচনায় ইরানের তেল আমদানীর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো আপত্তি না জানানোর বিষয়ে ঐকমতে পৌঁছায় ইইউভুক্ত দেশগুলো।
ইইউভুক্ত দেশগুলোর মধ্যে গ্রিস অভ্যন্তরীণ চাহিদার এক তৃতীয়াংশ তেল ইরান থেকে আমদানি করে। স্পেন ও ইটালিও ইরানি তেলের বড় ক্রেতা। সঙ্কট জর্জরিত গ্রিস তেল আমদানিতে ইরানের কাছ থেকে অর্থনৈতিক ছাড় পেয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইইউ কূটনীতিক জানান, “তেল আমদানীর নিষেধাজ্ঞার নীতিমালা চূড়ান্ত হয়ে গেছে। এ বিষয়ে আর কোনো বিতর্ক হবে না। এটা সত্যিই বিরাট অগ্রগতি।”
ইইউ’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “শুধু ইউরোপের মতো মিত্রদের কাছ থেকেই নয়, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের কাছ থেকেই আশা করে।”
গত শনিবার ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর ইইউ’র এ সিদ্ধান্ত তেহরানের জন্য বিরাট এক ধাক্কা বলেই বিবেচনা করছেন বিশ্লেষকরা।
তবে ইইউ’র এ সিদ্ধান্ত অনেকটা প্রত্যাশিতই ছিলো। ইরানের পরমাণু কর্মসূচী বন্ধ করতে পশ্চিমা দেশগুলোর সম্মিলিত চাপ সৃষ্টি করাই এর উদ্দেশ্য ।
ইরানের দাবি, শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই তারা পরমাণু কর্মসূচী পরিচালনা করছে। কিন্তু পশ্চিমা দেশগুলো বলছে, নভেম্বরে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনেই প্রকাশ পেয়েছে ইরান পরমাণু বোমা নির্মাণের উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচী পরিচালনা করছে।
এক বছর আগে পরমাণু কর্মসূচী নিয়ে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ইরানের আলোচনা ভেস্তে যায়।
যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের এক কর্মকর্তা বলেছেন, বিশ্ব তেলের বাজারে বিঘœ সৃষ্টি ছাড়াই সম্ভবত ইরানের তেলের ব্যবসা গুটিয়ে দেয়া যাবে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গেইথনার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও বিশ্ব অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে চীন ও জাপান সফর করবেন।
চীনের পর ইইউভুক্ত দেশগুলোই ছিল ইরানি তেলের শীর্ষ ক্রেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪৩ ঘ.
bdnews24