২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংবাদিকের সঙ্গে পুলিশের মদ্যপান নয়’

মদ্যপানে মুখ ফসকে কথা বের হয়- এ কারণ দেখিয়ে যুক্তরাজ্যে সাংবাদিকদের সঙ্গে মদ্যপান না করতে পুলিশ সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ্যপানে মুখ ফসকে কথা বের হয়- এ কারণ দেখিয়ে যুক্তরাজ্যে সাংবাদিকদের সঙ্গে মদ্যপান না করতে পুলিশ সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে ফোনে আড়িপাতা ঘটনা তদন্ত কমিটি বুধবার পুলিশকে এই পরামর্শ দেয় বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়। ইরাক যুদ্ধে নিহত বৃটিশ সেনাদের আত্মীদের ফোনে সংবাদ মাধ্যমের আড়িপাতার ঘটনা গত বছর প্রকাশের পর এ তদন্ত কমিটি করা হয়। ফোনে আড়িপাতার দায় কাঁধে নিয়ে বন্ধ হয়ে যায় বহুল প্রচারিত পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড। তদন্ত কমিটিকে নেতৃত্ব দেওয়া যুক্তরাজ্যের সাবেক পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনার ডেম এলিজাবেথ ফিলকিন বলেন, “স্কটল্যান্ড ইয়ার্ডের কয়েকটি অংশের সঙ্গে সংবাদ মাধ্যমের এতো ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো যে তাতে বিশাল ক্ষতি হয়েছে।” তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের কাছে আগেই ‘অন্যায়ভাবে’ তথ্য সরবরাহ করা হয়েছে। আড়িপাতার ঘটনা ফাঁসের সময় যুক্তরাজ্যের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, সাংবাদিকদের সঙ্গে কিছু পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠতায় প্রমাণ হয় বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অর্থের বিনিময়ে লেনদেন হতে পারে। ডেম এলিজাবেথ বলেন, “সাংবাদিকদের সঙ্গে মদ্যপান পুলিশের জন্য হবে অস্বাভাবিক ঘটনা। কারণ মদ্যপানে মুখ ফসকে কথা বের হয়।” সাংবাদিকদের সঙ্গে কথা হলে পুলিশ কর্মকর্তাদের সে কথোপকথনের নোট রাখার জন্য তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, অ্যালকোহলসহ সংবাদ মাধ্যমের লোকজনের সঙ্গে মেশা নিষিদ্ধ না হলেও তা ‘স্বাভাবিক ঘটনা’ হিসেবে বিবেচিত হবে না। কর্মকর্তাদের সঙ্গে মদ্যপান সঠিক আতিথেয়তা হিসেবে দেখা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২১৬ ঘ.