২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে তালেবান কার্যালয় খোলায় রাজি আফগানিস্তান

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বুধবার বলেছেন, কাতারে তালেবানদের কার্যালয় খোলার পরিকল্পনায় তিনি রাজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

কাবুল, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বুধবার বলেছেন, কাতারে তালেবানদের কার্যালয় খোলার পরিকল্পনায় তিনি রাজি। একইসঙ্গে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রচেষ্টায়ও তার সায় আছে বলে জানান কারজাই। কারণ, এতে করে আরো সহিংসতার আশঙ্কা কমে আসার পাশাপাশি বেসামরিক নাগরিক নিহতের ঘটনাও কমে আসবে। আফগান তালেবান গ্র“প মঙ্গলবার জানিয়েছে, তারা উপসাগরীয় দেশ কাতারে একটি রাজনৈতিক কার্যালয় স্থাপনের প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে এবং গুয়ানতানামো বে’তে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বন্দিশালায় আটক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। কূটনৈতিক কারণে যুক্তরাষ্ট্র গুয়ানতানামো বে থেকে কয়েকজন প্রভাবশালী তালেবানকে আফগানিস্তানের হাজতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে, কাতারে তালেবানদের রাজনৈতিক কার্যালয় প্রতিষ্ঠাকে পশ্চিমা ও আফগান কর্মকর্তকারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কারণ, আলোচনার মধ্য দিয়ে আফগানিস্তানে এক দশকব্যাপী চলা যুদ্ধের অবসানে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারজাইয়ের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, “যুক্তরাষ্ট্র ও তালেবানের আলোচনার মধ্য দিয়ে কাতারে একটি তালেবান কার্যালয় প্রতিষ্ঠায় আফগানিস্তান রাজি।” বিবৃতিতে আরো বলা হয়েছে, শান্তি আলোচনা “আফগানিস্তানে সংঘাত, ষড়যন্ত্র বন্ধ করা এবং নিরীহ মানুষকে হত্যার হাত থেকে রক্ষা করতে পারবে।” তবে তাকে বাদ দিয়ে বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে সমঝোতার চেষ্টার কারণে কারজাই আগে ক্ষোভ প্রকাশ করলেও ২৪ ঘন্টা পর তিনি এ পদক্ষেপে রাজি হন। তবে কারজাই এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বারবারই বলে আসছেন, যে কোন শান্তি প্রক্রিয়া হতে হবে আফগান-নিয়ন্ত্রিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০২ঘ.