ডেস মোইনেস, আইওয়া, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তারাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়নের দৌড়ে আইওয়ার প্রথম ভোটে মিট রমনি জয়ী হয়েছেন। সামান্য ব্যবধানে রিক সান্তোরামকে পরাজিত করেছেন তিনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের এ ভোট পর্বে মাত্র আট ভোটের ব্যবধানে জয় পেয়েছেন রমনি।
আইওয়া রিপাবলিকান পার্টির ঘোষিত ফল অনুযায়ী রমনি পেয়েছেন ৩০ হাজার ১৫ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সান্তোরাম পেয়েছেন ৩০ হাজার ৭ ভোট।
ভোটের আগে জনমত জরিপেও এগিয়ে ছিলেন মিট রমনি। তবে চমক দেখিয়েছেন রিক সান্তোরাম। জনমত জরিপে সান্তোরাম ছিলেন সবচেয়ে পেছনে। সেই তিনিই জরিপে এগিয়ে থাকা রমনিকে প্রায় ধরে ফেলেছিলেন।
জরিপে দ্বিতীয় অবস্থানে থাকা রন পল ভোটের ফলাফলে হয়েছেন তৃতীয়।
ভোটের আগে স্থানীয় এক রেস্তোরায় সমর্থকদের উদ্দেশ্যে মিট রমনি বলেছিলেন, “রাতটা আমাদের ভাল যাবে বলেই আমার বিশ্বাস। কে জিতবে তা বলা যাচ্ছে না।”
রিপালিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নের দৌড়ে এর পরের ভোটটি হবে নিউ হ্যাম্পাশায়ারে। সেখানে রমনি শক্ত অবস্থানে আছেন বলে জানা গেছে।
আগামী ছয় মাস ধরে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের জন্য অঙ্গরাজ্যগুলোতে প্রাথমিক ভোট বা ককাস অনুষ্ঠিত হবে। অগাস্টে রিপাবলিকান দলের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হবে।
রিপাবলিকান দলের এ তিন মনোয়ন প্রার্থীদের মধ্যে থেকে একজন ২০১২ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট বারাক ওবামাকে মোকাবেলা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২১ঘ.
bdnews24