২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় সশস্ত্র বাহিনী প্রধানের নাম ঘোষণা

নতুন সামরিক বাহিনী গড়ে তুলতে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শসস্ত্র বাহিনী প্রধানের নাম ঘোষণা করেছে লিবিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ত্রিপোলি, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন সামরিক বাহিনী গড়ে তুলতে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শসস্ত্র বাহিনী প্রধানের নাম ঘোষণা করেছে লিবিয়া। মিসরাতার গাদ্দাফি বিরোধী বাহিনীর নেতা অবসরপ্রাপ্ত জেনারেল ইউসেফ আল মানকোউশকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের চেয়ারম্যান মুস্তফা আব্দুল জলিল সেনাপ্রধান হিসেবে জেনারেল মানকোউশের নাম ঘোষণা করেন। সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে হঠানো যোদ্ধারাই এখন কার্যত লিবিয়া নিয়ন্ত্রণ করছে। তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না লিবিয়ার নবগঠিত সরকার। এসব যোদ্ধাদের বিভিন্ন গোষ্ঠী ক্ষমতায় তাদের ভাগ দাবি করছে এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে প্রাণঘাতী লড়াইয়েও জড়িয়ে পড়ছে। ত্রিপোলিতে এরকম এক লড়াইয়ে চার যোদ্ধা নিহত হওয়ার পর নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, কয়েক হাজার সাবেক বিদ্রোহী যোদ্ধাকে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বেসামরিক পেশায় নিয়োগ দেবে। এতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে মনে করছেন তারা। যোদ্ধাদের কয়েকটি গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, নিয়মিত সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী গঠন করা হলেই কেবল তারা তাদের নেতৃত্ব সরকারের কাছে হস্তান্তর করবেন। লিবিয়ার নিয়মিত সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যেই জেনারেল মানকোউশকে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে বিভিন্ন গোষ্ঠিগত যোদ্ধাদের নেতারা মানকোউশের এ নিয়োগ মেনে নিয়েছে কিনা তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৭ঘ.