ওয়াশিংটন/তেহরান, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর নতুন করে আরোপিত কঠোর নিষেধাজ্ঞা ভালো ফল দেবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। ওদিকে, পারস্য উপসাগর ছেড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ফিরে আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান।
ইরানের সেনাপ্রধান আয়াতুল্লাহ সালেহি বলেছেন, ইরানের নৌ মহড়ার কারণে উপসাগর ছেড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীটি আবার উপসাগরে ফিরে আসার চেষ্টা করলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার ইরানের আধা স্বায়ত্বশাসিত সংবাদ সংস্থা ফারস্ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা এ খবর জানায়।
সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে ফারস্ জানায়, “আমি রণতরীটির পারস্য উপসাগরে ফিরে আসার বিষয়ে যুক্তরাষ্ট্রকে উপদেশ দিচ্ছি, সুপারিশ করছি এবং সতর্ক করছি কারণ একবারের বেশি সতর্ক করার অভ্যাস আমাদের নেই।”
আর সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে ইরনা জানায়, “ইরান এ ব্যাপারে দ্বিতীয় বার সতর্ক করবে না। উপসাগরে আমাদের নৌ-মহড়ার কারণে শত্র“ রণতরীটি উপসাগর ছেড়ে ওমান সাগরে চলে গেছে। আমি আমেরিকার বিমানবাহী ওই রণতরীকে উপসাগরে ফিরে না আসার পরামর্শ দিচ্ছি।”
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীটির কোনো নাম উল্লেখ করেননি সালেহি, আর তরীটি উপসাগরে ফিরলে ইরান কি ধরণের ব্যবস্থা নেবে সে বিষয়েও বিস্তারিত কিছু জানননি তিনি।
সোমবার উপসাগরে ১০ দিনব্যাপী নৌ-মহড়া শেষ করেছে ইরান।
ওদিকে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করে শনিবার একটি আইন পাশ করেছে যুক্তরাষ্ট্র।
ইরান ওপেকের দ্বিতীয় শীর্ষ তেল রপ্তানীকারক দেশ। তেলের ক্রেতাদের সঙ্গে সব লেনদেন নিয়ন্ত্রণ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকের সঙ্গে লেনদেনকারীরা যুক্তরাষ্ট্রের অর্থ বাজারে প্রবেশ করতে পারবে না বলে সদ্য পাশ হয়েছে মার্কিন আইন।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বেশ কিছুদিন ধরেই ইরানের উত্তেজনা চলছে। পশ্চিমারা অভিযোগ করছে, পরমাণু কর্মসূচির মাধ্যমে ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। ইরান বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
এর মধ্যেই জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু বোমা বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং তারা এখন পরমাণু বোমার নকশা তৈরিতে ব্যস্ত।
এ প্রতিবেদনের সূত্র ধরে পশ্চিমা বিশ্বে ইরানকে নিয়ে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউরোপীয় ইউনিয়ন ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে।
তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ইরান। ওই প্রণালী দিয়ে জাহাজযোগে বিশ্বের ৪০ শতাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে যায়।
বাহরাইনে মোতায়েন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ইরানের হুমকি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দেয়।
এর পরই ইরানের বিরুদ্ধে কঠোর ব্যাংকিং নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
বিশ্ব জ্বালানি বাজারে কোনো সমস্যা যেনো তৈরি না হয় সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছে।
যুক্তরাষ্ট্র সরকারের বিশ্লেষকরা আশা করছেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থ বাজার ও ইরানের তেল এ দুটির মধ্যে বৈশ্বিক প্রতিষ্ঠনগুলো যুক্তরাষ্ট্রের অর্থ বাজারকেই বেছে নেবে এবং ধীরে ধীরে ইরানে সঙ্গে অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দেবে।
এভাবে কোনো বড় ধরনের রক্তপাত ছাড়াই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে বলে আশাবাদী ওয়াশিংটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩১ঘ.
bdnews24