ইসলামাবাদ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানি তালেবানের দুই শীর্ষ নেতা হাকিমুল্লাহ মেহসুদ ও তার ডেপুটি ওয়ালিউর রেহমানের মধ্যে চরম অন্তর্দ্বন্দ্ব চলছে বলে জানিয়েছে পাকিস্তানি জঙ্গিদের একটি সূত্র।
দ্বন্দ্ব এমনই চরম পর্যায়ে রয়েছে, যে, কোনো সময় দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যেতে পারে।
হাকিমুল্লাহ মেহসুদ ও ওয়ালিউর রেহমান তেহরিক ই তালিবান পাকিস্তানের (টিটিপি) দুই শীর্ষ নেতা।
এ দুই শীর্ষ তালেবান কমান্ডারের দ্বন্দ্ব মেটাতে আল কায়েদা, আফগান তালেবান ও পাকিস্তানের জঙ্গিরা পরপর কয়েকটি বৈঠক করেছে বলে জানিয়েছে ওই সূত্র।
এ বিষয়ে টিটিপির এক কমান্ডার জানান, “শিগগিরই শুনতে পাবেন তাদের একজন অপরজনকে বহিষ্কার করেছে। তবে অন্যান্য কমান্ডার ও উভয়ের বন্ধুরা তাদের মতপার্থক্য দূর করার চেষ্টা চালাচ্ছেন।”
তেহরিক ই তালিবান পাকিস্তানের মধ্যে কোনো বিভাজন ঘটলে তা আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াইরত আফগান তালেবান ও আল কায়েদাকে বিপদে ফেলবে। কারণ আফগান তালেবান ও আল কায়েদা পাকিস্তানকে তাদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে।
আর এক্ষেত্রে তেহরিক ই তালেবান পাকিস্তান তাদের গুরুত্বপূর্ণ সহযোগী।
টিটিপির ওই দুই শীর্ষ নেতার দ্বন্দ্বে তরুণ যোদ্ধাদের দলে টানার ক্ষেত্রেও সমস্যায় পড়বে জঙ্গি এ দলগুলো।
বেশ কয়েকটি সূত্রে, মেহসুদ-রেহমানের মধ্যে বিভাজনের খবর পাওয়া গেলেও তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে মঙ্গলবার রয়টার্সের কাছে রেহমান দাবি করেছেন।
তিনি বলেন, “আমাদের মাঝে কোনো মত পার্থক্য নেই।”
জঙ্গি দল তেহরিক ই তালিবান পাকিস্তান ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি পাকিস্তানের বহু জঙ্গি গোষ্ঠির প্রধান পৃষ্ঠপোষক। এরা পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তের আদিবাসী এলাকাভিত্তিক জঙ্গি দল।
জঙ্গি হামলার লক্ষ্যস্থল নিয়ে অনেকদিন ধরেই দলটির মধ্যে মতভেদ আছে। একপক্ষ পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লড়াই করছে, অন্যপক্ষ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর পক্ষপাতী।
আল কায়েদা ও আফগান তালেবান মেহসুদ ও রেহমানের মধ্যে বিরোধ মেটানোর চেষ্টা করছে এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে তাদের সমর্থন কামনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৫ ঘ.
bdnews24