কায়রো, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার আবাসিক এলাকগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং এখন তারা বিভিন্ন শহরের উপকন্ঠে অবস্থান করছে। আরব লিগের মহাসচিব নাবিল এলারাবি সোমবার একথা জানিয়েছেন।
তবে বন্দুকযুদ্ধ চলছে এবং স্নাইপাররা এখনো হুমকি বলে জানিয়েছেন তিনি।
কায়রো থেকে এলারাবি বলেছেন, “সর্বশেষ টেলিফোন রিপোর্ট বলছে, বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধ চলছে। কে কাকে গুলি করছে তা বলা মুশকিল।”
তিনি বলেন, “আমরা সিরিয়া সরকারকে তারা যা প্রতিজ্ঞা করেছিল তা পুরোপুরি পালন করার আহ্বান জানিয়েছি।”
আরব লিগের শান্তিচুক্তি প্রস্তাব অনুযায়ী, সিরিয়ায় সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাজপথ থেকে সেনা ও ট্যাঙ্ক প্রত্যাহার করে নেওয়া, বন্দিদের মুক্তি দেওয়া এবং বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।
সিরিয়ায় শান্তি চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য এক সপ্তাহ আগে আরব লিগের পর্যবেক্ষকরা সিরিয়া পৌঁছেছেন।
তবে সহিংসতা বন্ধে আরব লিগ মিশন আসাদকে সঠিকভাবে চাপ দিতে পারবে কি না এ নিয়ে সিরিয়ায় বিরোধীপক্ষের অনেকের মনেই সন্দেহ আছে।
এলারাবি বলেন, আরব লিগ সিরিয়ায় পর্যবেক্ষকদের প্রথম সপ্তাহের কাজের ওপর প্রতিবেদন দেবে এবং আরো পর্যবেক্ষক প্রয়োজন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, বর্তমানে ছয়টি শহরে ৭০ জন পর্যবেক্ষক কাজ করছে। আরো ৩০ জন খুব শিগগিরিই সেখানে পৌঁছবে।
বর্তমানে যে পর্যবেক্ষকরা সিরিয়া আছেন তারা ইতোমধ্যেই ৩ হাজার ৪৮৪ জন বন্দিকে মুক্ত করতে সক্ষম হয়েছেন। এখনো যারা জেলে আছে বলে মনে করা হচ্ছে তাদের নামের তালিকা দেওয়ার জন্য বিরোধীদলগুলোকে অনুরোধ জানিয়েছে আরব লিগ। যাতে তাদের মুক্তির বিষয়টি যাচাই করা যায়।
ওদিকে, বিরোধী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ সোমবার জানিয়েছে, উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দুটো সামরিক তল্লাশি কেন্দ্র দখল করে নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্যকে আটক করেছে সিরিয়ার শসস্ত্র বিদ্রোহীরা।
এছাড়া, তৃতীয় আরেকটি সেনা তল্লাশি কেন্দ্রে পক্ষত্যাগী সেনাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষও হয়েছে এবং এতে আসাদ অনুগত বেশ কিছু সংখ্যক সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
জাতিসংঘ জানিয়েছে, গত বছর মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বিরূদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়লে সরকারের সেনা দমনাভিযানে এ পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
ওদিকে সিরিয়া কর্তৃপক্ষ বলেছে, সশস্ত্র বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর ২ হাজার সদস্যকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১০ঘ.
bdnews24