কায়রো, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- দক্ষিণ সুদানের প্রত্যন্ত সীমান্ত এলাকায় আদিবাসী সহিংসতার কারণে পালিয়েছে ৫০ হাজার মানুষ। জাতিসংঘ সোমবার একথা জানিয়েছে।
কয়েকদশকের গৃহযুদ্ধ অবসানে খার্তুমের সঙ্গে ২০০৫ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় গত বছর জুলাইয়ে স্বাধীন হয়েছে দক্ষিণ সুদান।
কিন্তু নতুন এ দেশটি বিদ্রোহী তৎপরতা এবং আদিবাসী সহিংসতা ও রক্তক্ষয় বন্ধ করাসহ সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলায় সংগ্রাম করে যাচ্ছে।
জাতিসংঘের কয়েকটি সূত্র জানিয়েছে,জঙলেই রাজ্যের প্রত্যন্ত পিবোর শহরে হামলা করেছে লোউ নুয়ের আদিবাসী গোষ্ঠীর ৬ হাজার অস্ত্রধারী।
দক্ষিণ সুদানের মানবিক ত্রাণ সমন্বয়ক লিজ গ্র্যান্ডে বলেছেন, সহিংসতা এড়াতে অগণিত বেসামরিক নাগরিক আশেপাশের শহরগুলোতে পালিয়ে গেছে।
তিনি রয়টার্সকে বলেন, “আমরা তাদের অবস্থা নিয়ে চিন্তিত। তাদের জন্য যথেষ্ট পানি নেই খাবার নেই। তারা জঙ্গলে লুকিয়ে আছে। আমার ধারণা পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা ২০ থেকে ৫০ হাজার। এটি মোট সংখ্যার একটি ধারণা মাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩০ঘ.
bdnews24