দেস মোইনেস, আইওয়া, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আইওয়া ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা।
প্রেসিডেন্ট পদপ্রার্থীতার দৌড়ে রিপাবলিকানদের মধ্যে মঙ্গলবার আইওয়ায় এ ভোট হবে। এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে এটাই প্রথম বড় পরীক্ষা।
জনমত জরিপে দেখা গেছে, মিট রমনি অল্প ব্যবধানে এগিয়ে আছেন। তার পরের অবস্থানেই আছেন রন পল। আর তৃতীয় অবস্থানে চলে এসেছেন সাবেক সিনেটর ও সামাজিক কট্টরপন্থি রিক সান্তোরাম।
আগামী ছয় মাস ধরে প্রার্থী বাছাইয়ের জন্য অঙ্গরাজ্যগুলোতে প্রাথমিক ভোট বা ককাস অনুষ্ঠিত হবে। অগাস্টে রিপাবলিকান দলের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হবে।
রোববার দেস মোইনেস রেজিস্টার সংবাদপত্রে প্রকাশিত এক জনমত জরিপে আইওয়ায় রমনির জনপ্রিয়তা বেশি দেখা গেছে।
এতে রমনি ২৫ শতাংশ, রন পল ২২ শতাংশ এবং সান্তোরাম ১৫ শতাংশ সমর্থন পেয়েছেন। আর ১২ শতাংশ সমর্থন পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নিট গিংরিচ।
ওদিকে, ৪১ শতাংশ ভোটার নিজেদের মত পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন।
আটলান্টিক শহরের একটি রেস্তোরায় সমর্থকদের উদ্দেশ্য করে মিট রমনি বলেন, “রাতটা আমাদের ভাল যাবে বলেই আমার বিশ্বাস। কে জিতবে তা বলা যাচ্ছে না।”
রিপাবলিকান দলের এ প্রার্থীদের মধ্যে থেকে একজন ২০১২ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট বারাক ওবামাকে মোকাবেলা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৭ঘ.
.
bdnews24