২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজির জরুরি অবস্থা উঠে যাচ্ছে

চলতি সপ্তায় ফিজি’র জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির সেনা শাসক কমোডোর ভরেক ফ্রাঙ্ক বাইনিমারামা। খ্রিস্টীয় নববর্ষের ভাষণে তিনি এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি সপ্তায় ফিজি’র জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির সেনা শাসক কমোডোর ভরেক ফ্রাঙ্ক বাইনিমারামা। খ্রিস্টীয় নববর্ষের ভাষণে তিনি এ ঘোষণা দেন। ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ফিজির রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারী বাইনিমারামা তার ভাষণে বলেন, আগামী মাস থেকে নতুন সংবিধানের ব্যাপারে আলোচনা শুরু হবে বলে বিবিসি জানায়। সোমবার দেওয়া ওই ভাষণে তিনি বলেন, “আগামী ৭ জানুয়ারি ২০১২ থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হবে।” ২০০৯ সালের এপ্রিল থেকে দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। ফিজির আপিল আদালত বাইনিমারামার অভ্যুত্থানকে অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি জরুরি অবস্থা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে গণসমাবেশ নিষিদ্ধ ও সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। জরুরি অবস্থা তুলে নেওয়ার মধ্যদিয়ে সংবিধানও পুনর্বহাল হবে। জরুরি অবস্থা জারি এবং নির্বাচন দিতে ব্যর্থ হওয়ায় ফিজির কমনওয়েলথ সদস্যপদ স্থগিত করা হয়। প্রশান্তমহাসাগরীয় ওই দেশটিতে ১৯৮৭ সাল থেকে চার দফা সেনা অভ্যুত্থান হয়েছে। দেশটির আদিবাসী ফিজিয়ান ও ইন্দো ফিজিয়ানের মধ্যে উত্তেজনার কারণেই রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। নতুন সংবিধানে তিনি ফিজির অধিবাসী সবার সমান অধিকার নিশ্চিত করার ব্যাপারে জোর দেন। পাশাপাশি ২০১৪ সালে দেশটিতে সাধারণ নির্বাচন দেওয়ারও ঘোষণা দেন বাইনিমারামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫১ ঘ.