ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে আরো অর্থনৈতিক দুর্ভোগ আর ত্যাগ- তিতিক্ষার দোলাচলে ২০১২ সাল কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যাবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় নেতারা।
অনেক অর্থনীতিবিদই নতুন বছরে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন। আর ইউরোজোনেও এখনো ঋণ সংকট কাটাতে লড়ে যাচ্ছে।
নতুন বছর উপলক্ষ্যে দেয়া বার্তায় ইউরোপীয় নেতাদের মধ্যে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলেন, “কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়েছে ইউরোপ। তবে ইউরোপ ধীরে ধীরে ঋণ সংকট কাটিয়ে উঠছে।”
টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “তুলনামূলকভাবে জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি ভাল হলেও আগামী বছর (২০১২) সন্দেহাতীতভাবে ২০১১ সালের চেয়ে কঠিন হবে।”
তিনি আরো বলেন, “এ থেকে (ঋণ সংকট) বের হতে বিপত্তির মধ্য দিয়ে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। তবে এ পথের শেষে ইউরোপ আগের মতো শক্ত অবস্থানে ফিরে যাবে।”
ওদিকে, সংকট এখনও কাটেনি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। আর ইতালির প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানো আরো বেশি ত্যাগের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “তরুণদের ভবিষ্যত নিশ্চিত করতে আমাদের ত্যাগ করতে হবে। আর এ লক্ষ্য ও প্রতিশ্র“তি আমরা এড়াতে পারবো না।”
তিনি আরো বলেন, ইতালিকে অর্থনৈতিক ধসের মুখ থেকে ফেরাতে জনগণকে যে ত্যাগ স্বীকার করতে হবে তা বৃথা যাবে না- বিশেষ করে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করলে।
ওদিকে, গ্রিক প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোসও আগামী দিনগুলোতে কঠিন সময় পাড়ি দেওয়ার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়ে এক টেলিভিশন ভাষণে বলেছেন, আমাদেরকে দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে যেতে হবে। যাতে আমাদের ত্যাগ বৃথা না যায়।
অর্থনৈতিক সংকটের কারণে ইউরোপীয় দেশগুলোর সরকার ব্যয় কমাতে বাধ্য হওয়ায় প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়েছে।
বিবিসি’র এক জরিপে দেখা গেছে, ২০১২ সালের প্রথমার্ধেই ইউরোপ আবার মন্দায় পড়তে পারে বলে শীর্ষ অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন।
সেইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বড় অর্থনীতির দেশগুলো ধারের টাকা শোধ দিতে পারবে না বলেও ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৮ঘ.
bdnews24