২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

মুসলিম জঙ্গিদের বিদ্রোহ মোকাবেলায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

আবুজা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুসলিম জঙ্গিদের বিদ্রোহ মোকাবেলায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শনিবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে সহিংসতায় অন্তত ৫০ জন নিহত হওয়ার পর তিনি এ ঘোষণা দেন। এছাড়া নাইজেরিয়ার উত্তরপূর্ব দিকের প্রতিবেশী দেশ ক্যামেরুন, চাদ ও নাইজারের সাথে সীমান্ত বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি। উত্তর নাইজেরিয়ার বিদ্রোহ কবলিত এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে নাইজারসহ কয়েকটি স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণে জানান জোনাথন। “দূর্গত এলাকায় আমাদের সীমান্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে সীমান্ত আবার খুলে দেওয়া হবে। পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত বন্ধ করা হয়েছে,” বলেন তিনি। দূর্গত এলাকায় বিশেষ সন্ত্রাস প্রতিরোধী বাহিনী মেতায়েনসহ অন্যান্য প্রয়োজনীয় ‘পদক্ষেপ’ নেওয়ার জন্য সেনাবাহিনী প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গত ‘বড়দিনে’ দেশজুড়ে ইসলামী বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম সিরিজ বোমা হামলা চালায়। একটি গির্জায় চালানো বোমা হামলায় অন্তত ৩৭ জন নিহত ও ৫৭ জন আহত হয়। শনিবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এবোনাই রাজ্যে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠী এজ্জা ও এজিলোর সংঘাতে কমপক্ষে ৫০ জন নিহত হয়। তবে এই গোষ্ঠীগত দ্বন্দ্বের সঙ্গে ইসলামি জঙ্গিদের কোনো যোগাযোগ আছে বলে জানা যায়নি। তবে এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির রক্ষায় প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের ওপর চাপ বেড়েছিলো। বোকো হারামের কার্যক্রম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় সা¤প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। ‘বোকো হারাম’ নামের অর্থ “পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ”, এরা তালেবানি কায়দার আন্দোলন চালিয়ে নাইজেরিয়ায় শরিয়া আইন চালু করতে চায়। মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠী অধ্যুষিত নাইজেরিয়া এই দুই ধর্মের অনুসারিদের মধ্যে কার্যত বিভক্ত। উত্তরে মুসলিমদের অধিপত্য আর দক্ষিণে খ্রিস্টানদের। দেশটির বিরোধীদল প্রধানত মুসলিমদের নিয়েই গঠিত। ক্ষমতাসীন সরকারি দলের অধিকাংশ সদস্য খ্রিস্টান। দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বী প্রেসিডেন্ট গুডলাক জোনাথন দক্ষিণের মানুষ, আর মুসলিম বিরোধী দলের নেতা মুহাম্মাদু বুহারি উত্তরের মানুষ। বিরোধীদল ও খ্রিস্টান গোষ্ঠীগুলো বোমা হামলার ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেছে। সঙ্কট সন্ত্রাসবাদের রূপ নিয়েছে মন্তব্য করে পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট বিরোধী দলগুলোর সহযোগিতা কামনা করেন। উত্তর নাইজেরিয়া ভিত্তিক বোকো হারামের বোমা হামলা দেশটির উত্তর-দক্ষিণ সম্পর্ককে আরো নাজুক করে তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫১৮ঘ.