মানামা, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাহরাইনে চলতি বছরের শুরুর দিকে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে নারী চিকিৎসক, শিক্ষক ও অন্যান্য বিক্ষোভকারী আটকের প্রতিবাদে শুক্রবার মিছিল করেছে শ'শ' নারী।
মিছিলে বজ্রকন্ঠে এর প্রতিবাদ জানিয়ে তারা কারাবন্দিদের মুক্তি দাবি করেছে।
মাকশা গ্রামের এ মিছিলে শিয়াভিত্তিক ওয়েফাক পার্টির নারীবিষয়ক প্রধান আহলাম আল-খেজাই এ দাবি জানান।
তিনি বলেন, "আমরা সব নারী বন্দীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ বাতিলের দাবি জানাচ্ছি।" চুরি ও অন্যান্য অভিযোগে দেশের ২০ জন চিকিৎসককে কারাদণ্ড দেওয়ার দিনই এ দাবি জানানো হল।
বাহরাইনের সুন্নি মুসলিম শাসক সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সেনা সহায়তা নিয়ে মার্চের সরকার বিরোধী বিক্ষোভ দমন করেন।
ওই সময় কমপক্ষে ৩০ জন নিহত ও শ'শ' লোক আহত হয়। এছাড়া ১ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয় যাদের বেশিরভাগই শিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৯ঘ.
bdnews24