ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর অতিরিক্ত লোকবল কমানোর লক্ষ্যে ১ হাজারেও বেশি সদস্যকে চিঠি পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর ব্যয় সংকোচন পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চাকরি থেকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে রাজকীয় নৌবাহিনীর যে ১ হাজার ২০ জনকে চিঠি পাঠানো হয়েছে তাদের এক তৃতীয়াংশকে অবশ্যই বাধ্যতামূলকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।
প্রায় ৮১০ জন চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন, তাদের মধ্যে ৬৭০ জনের আবেদন গ্রহণ করা হয়েছে বলে বিবিসি জানায়।
২০১৫ সালের মধ্যে দেশটির নৌবাহিনী ৫ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত সেনাকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে। ৫শ' কোটি পাউন্ড ব্যয় কমানোর লক্ষ্যে যে পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ, নৌসেনা ছাঁটাই সে পরিকল্পনারই অংশ।
আগামী বছরের মার্চে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দ্বিতীয় ধাপে অব্যাহতি পত্র পাঠানো শুরু করবে। ওই ধাপে ২৫ হাজার সরকারি চাকরিজীবীকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সেনা সদস্যদের এই ছাঁটাই পরিকল্পনা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স গার্ডিয়ান সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "যখন এ বিষয়টির সমাধানের চেষ্টা চালাচ্ছি আমরা তখন তারাই এর সমালোচনা শুরু করেছে যারা এই সমস্যা সৃষ্টির পেছনে ভূমিকা রেখেছে। এ বিষয়টি খুবই বিরক্তিকর।"
প্রতিরক্ষামন্ত্রী বলেন, আকাশচুম্বী ব্যয়ের কারণে গর্ডন ব্রাউনের নেতৃত্বাধীন সরকারের শেষ সময়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যকার পারস্পরিক বিশ্বাস সম্পূর্ণ ভেঙ্গে পড়ে।
ফক্স আরো বলেন, তিনি চান, সশস্ত্র বাহিনী 'আগেভাগেই এই বেদনাটুকু গ্রহণ করুক' কেননা এতে করে সেনাবাহিনী তার ব্যয়ে ভারসাম্য আনতে পারবে এবং তার হৃতগৌরব পুনরুদ্ধার করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০৭ ঘ.
bdnews24