ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ আফগানিস্তানে তৎপর হাক্কানি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে জোর লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের চাপের কাছে পাকিস্তান নতিস্বীকার করবে না। পাক-প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি একথা বলেছেন।
বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দলের বৈঠকে গিলানি বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করেই গড়ে ওঠা উচিত।
হাক্কানি জঙ্গি দলের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সহায়ক শক্তি হিসাবে কাজ করছে- শীর্ষ এক মার্কিন কর্মকর্তার এ মন্তব্যের পর থেকে দু'দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। পাকিস্তান ওই অভিযোগ নাকচ করে আসছে।
কিন্তু যুক্তরাষ্ট্র দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ বাড়াতে থাকায় ইসলামাবাদে মার্কিন সামরিক হামলার আশঙ্কার মুখে রাজনৈতিক নেতারা বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে বসেন।
পাকিস্তানের স্থানীয় টেলিভিশনে সরাসরি স¤প্রচারিত মন্তব্যে গিলানি বলেন, "ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগের খেলা বন্ধ করতে হবে। শ্রদ্ধা করতে হবে পাকিস্তানের জাতীয় স্বার্থকে।"
যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে তিনি বলেন, "আরো বেশি কিছু করার জন্য পাকিস্তানকে চাপ দেয়া যাবে না। বরং বিষয়টি অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের উপায় খুঁজতে হবে।"
তিনি আরো বলেন, "যে কোনো পরিস্থিতিতে আমাদের জাতীয় স্বার্থকে মর্যাদা দিতে হবে। আমাদের পক্ষ থেকে আলোচনার সব দ্বার খোলা রয়েছে। আমরা আন্তর্জাতিক স¤প্রদায়ের সহযোগিতা কামনা করছি।"
বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা ও সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানিসহ অন্যান্য কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৩০ঘ.
bdnews24