২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে একজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগন ও দেশটির ফেডারেল কংগ্রেস ভবন তথা রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

বস্টন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগন ও দেশটির ফেডারেল কংগ্রেস ভবন তথা রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম রেজওয়ান ফেরদৌস। ২৬ বছর বয়সী ম্যাসাচুসেটসের অধিবাসী রেজওয়ান দূর নিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি বিমান দিয়ে ওই দুই স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করে। প্রায় মাসব্যাপী গোপন অভিযান চালানোর পর বুধবার বোস্টন থেকে এফবিআই'র সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে মার্কিন আইন মন্ত্রণালয়ের বস্টন কার্যালয় থেকে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা চালানোর লক্ষ্যে আল কায়েদার কাছে মালামাল সরবরাহ ও মার্কিন সেনাদের ওপর হামলায় সহায়তার চেষ্টারও অভিযোগ রয়েছে রেজওয়ানের বিরুদ্ধে। এক বিবৃতিতে মার্কিন সরকারি আইন কর্মকর্তা কারমেন ওর্তিজ জানান, "জনাব ফেরদৌসের বিরুদ্ধে আজ যে অভিযোগ আনা হয়েছে তাতে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন।" বিবৃতিতে আরো বলা হয়, উদ্ধারকৃত বোমাগুলো ছদ্মবেশী এফবিআই গোয়েন্দাদের নিয়ন্ত্রণে ছিল, তাই সেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কখনোই কোন বিপদের কারণ হতো না। আটক রেজওয়ান ফেরদৌস বস্টনের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে স্নাতক। তিনি ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'জিহাদ' করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে আইন কর্মকর্তারা জানান। যুক্তরাষ্ট্রের নাগরিকদের তিনি 'আল্লাহর শত্র"' বলে ঘোষণা করেন। বস্টনের আইন দপ্তর জানায়, রেজওয়ান মোবাইল ফোন বিস্ফোরকের নকশা প্রণয়ন করে মধ্যপ্রাচ্যে হামলা চালাতে আল কায়দাকে গোপনে ওই ধরনের আটটি ডিভাইস সরবরাহ করেন। চলতি বছরের জুন মাসে এক বৈঠকে ছদ্মবেশী এফবিআই'র সদস্যরা রেজওয়ানকে জানান, ইরাকে প্রথমবারের মতো তার তৈরি ফোন ডিভাইসের বিস্ফোরণে তিনজন মার্কিন সেনা নিহত ও চার/পাঁচজন সেনা আহত হয়েছে। চলতি বছরেই অপর এক বৈঠকে রেজওয়ান পেন্টাগন ও ক্যাপিটাল ভবনে হামলা চালানোর ইচ্ছার কথা জানায় ছদ্মবেশী এফবিআই প্রতিনিধিদের। এরপর এফবিআই প্রতিনিধিরা সহযোগীর ছদ্মবেশে রেজওয়ানকে সি-ফোর বিস্ফোরক, একটি রিমোট কন্ট্রোল বিমান ও অস্ত্র সরবরাহ করে। এফবিআই জানায়, নতুন সরবরাহকৃত এসব সরঞ্জাম বুধবার একটি কন্টেইনারে লাগানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। রেজওয়ানের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হলে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা ও রসদ সরবরাহের অভিযোগে তার ১৫ বছর, জাতীয় প্রতিরক্ষা প্রাঙ্গনে হামলার চেষ্টার অভিযোগে ২০ বছর এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ভবন ধ্বংস বা ক্ষতির চেষ্টার অভিযোগে তার আরো ২০ বছর কারাদণ্ড হতে পারে। আগামী সোমবার রেজওয়ান ফেরদৌসের মামলার শুনানি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/সিআর/১৪৫৮ ঘ.