২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে রাজনৈতিক দলগুলোর নির্বাচন বয়কটের হুমকি

চলতি বছরের ২৮ নভেম্বর মিশরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে রাজনৈতিক দলগুলো। বর্তমান নির্বাচনী আইন পরিবর্তন করা না হলে তারা এই পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 06:24 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

কায়রো, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি বছরের ২৮ নভেম্বর মিশরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে রাজনৈতিক দলগুলো। বর্তমান নির্বাচনী আইন পরিবর্তন করা না হলে তারা এই পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি জানায়। বর্তমান আইন অনুযায়ী পার্লামেন্টের এক তৃতীয়াংশ আসন রাজনৈতিক দলগুলোর বাইরে স্বাধীন প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে। বাকি আসনগুলো রাজনৈতিক দলগুলো থেকে মনোনীত প্রার্থীদের মধ্যে যারা ভোটে বিজয়ী হবে তাদের দিয়ে পূরণ করা হবে। কিন্তু এক বিবৃতিতে রাজনৈতিক দলগুলো সব আসনে দলীয় প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার দাবি জানিয়েছে। রাজনৈতিক দলগুলো সেনা পরিষদ শাসিত সরকারের প্রতি রোববারের মধ্যে নির্বাচনী আইন সংশোধনে তাদের যে দাবি তা পূরণের সময়সীমা বেধে দিয়েছে। মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড ইকুয়্যালিটি পার্টিসহ ৩৭ দলীয় জোট স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, "নির্বাচনী আইনের ওই ধারা পরিবর্তনের আগ পর্যন্ত আমরা নির্বাচনে অংশ নেব না।" ওয়াফদ্ পার্টির প্রধান সাইয়িদ আল বাদাবি বলেন, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে নির্বাচন প্রত্যাখ্যান করা হবে। তবে মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন নেতা নির্বাচন বয়কটের সিদ্ধান্তের সাথে একমত নন। তারা নির্বাচনকে ঘিরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা প্রশমনের চেষ্টা চালাচ্ছেন। ওই নেতারা মনে করেন, ব্রাদারহুড নির্বাচন বয়কট করবে না। মিশরে প্রবল গণআন্দোলনের মুখে ৩০ বছরের শাসন ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন হোসনি মুবারক। বর্তমান সেনা পরিষদ শাসিত সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচনী রূপরেখা ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় আগামী ২৮ নভেম্বর থেকে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিন দুই কক্ষ বিশিষ্ট মিশরীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর আগামী বছরের ২৯ জানুয়ারি উচ্চ কক্ষ সুরা কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নাম ১২ অক্টোবর থেকে তালিকাভুক্তির জন্য গ্রহণ করা হবে বলেও জানানো হয়। এরআগে দেশটির সেনা পরিষদ শাসিত সরকারের নির্বাচনী তারিখ ঘোষণাকে স্বাগত জানায় মিশরের বৃহত্তম ইসলামি গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড ইকুয়্যালিটি পার্টি। চলতি বছরের ফেব্র"য়ারিতে ১৯৮১ সাল থেকে মিশরের প্রেসিডেন্টের ক্ষমতা আঁকড়ে থাকা হোসনি মুবারকের পতন ঘটে। এরপর থেকেই দেশটির রাজনৈতিক দলগুলো সেনা পরিষদের ওপর দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দিতে থাকে। কিন্তু মুবারকবিরোধী আন্দোলনকারীরা পার্লামেন্ট নির্বাচনের এই দীর্ঘসূত্রিতার সমালোচনা করেছে। তারা দাবি জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের তারিখও নির্ধারণ করতে হবে। জানা গেছে, ২০১২ সালের শেষ দিকে কিংবা ২০১৩ সালের শুরুর দিকে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৯ ঘ.